লালদীঘি মাঠে ৩ মে ইসলামিক ফ্রন্টের মহাসমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ দফা বাস্তবায়নের দাবিতে আগামী ৩ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে মহাসমাবেশের ডাক দিয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। আল্লাহ ও রাসুল (সা.) সম্পর্কে কটূক্তিকারী ব্লগারদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, ধর্মের নামে উদ্দেশ্যমূলক ও প্রতারণামূলক উন্মাদনা সৃষ্টির পথ বন্ধ করা, সংবিধানে ‘আল্লাহ ও রাসুলের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ প্রতিস্থাপন করা, প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা ও একাত্তরে গণহত্যায় ইন্ধনদাতা মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাসহ ২১ দফা দাবি সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহাসমাবেশ প্রস্তুতি কমিটির সচিব এইচ এম মুজিবুল হক। তিনি বলেন, লাখো শহীদের রক্ত ও হাজারো মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজ বিপন্ন হতে চলেছে। এ দেশের জনগণ ও জাতীয় সম্পদ এখন ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির শিকার। সব মহল ক্ষমতায় যাওয়া ও ক্ষমতাকে ধরে রাখার মাধ্যম হিসেবে পবিত্র ধর্ম ইসলামকে অপব্যবহার করছে। একটি গোষ্ঠী নানা কর্মসূচির মাধ্যমে একাত্তরের যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা করছে দাবি করে মুজিবুল হক বলেন, দাড়ি-টুপিওয়ালাদের গণহারে রাজাকার-আলবদর বানানো এবং কথায় কথায় যে কাউকে নাস্তিক-মুরতাদ আখ্যা দেওয়া এখন ফ্যাশনে পরিণত হয়েছে।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহাসমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক স ম হামেদ হোসাইন, ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মো. রফিক প্রমুখ।