লালদীঘিতে সুইমিংপুল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
চট্টগ্রামের লালদীঘির একাংশে সুইমিংপুল নির্মাণের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুরে লালদীঘির পাড়ে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।চট্টগ্রাম সিটি করপোরেশন এই সুইমিংপুল নির্মাণ শুরু করেছে। এক মাস ধরে এর নির্মাণকাজ চলছে। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) এই সুইমিংপুল নির্মাণ বন্ধের দাবি জানিয়ে গত মঙ্গলবার সিটি করপোরেশনকে আইনি নোটিশও দেয়।বাপার সদস্য সচিব ইমাম হোসেনের সভাপতিত্বে গতকাল মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন নগর পরিকল্পনাবিদ জেরিনা হোসাইন, মানবাধিকারকর্মী রানা দাশগুপ্ত, সুভাষ বড়ুয়া, শাহরিয়ার খালেদ, নারীনেত্রী নূরজাহান খান, সিটি করপোরেশনের দুই ওয়ার্ড কাউন্সিলর রেহেনা কবীর ও গিয়াসউদ্দিন এবং সাংবাদিক আলীউর রহমান।বক্তারা বলেন, এ বি এম মহিউদ্দিন চৌধুরী তৃতীয় দফায় সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়ে ব্যবসা আর সেবাকে এক করে ফেলেছেন। তিনি উন্নয়নের নামে চট্টগ্রামে যেসব পদক্ষেপ নিচ্ছেন, তার সবই বাণিজ্যিক স্বার্থবুদ্ধিসম্পন্ন। সে জন্য তিনি দেড় শ বছরের ঐতিহ্যবাহী লালদীঘি ভরাট করে সুইমিংপুল নির্মাণ করছেন। বক্তারা লালদীঘির ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের দাবি জানান।