লালদীঘিতে ২৫ অক্টোবর সমাবেশের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগ ও বিএনপি। উভয় দলের নেতারা ২৫ অক্টোবর নগরের লালদীঘি মাঠে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার এক সমাবেশে বিএনপি নেতারা সমাবেশের ঘোষণা দিয়ে বলেন, তাঁদের কাছে ওই দিন সমাবেশ করার অনুমতি আছে। আওয়ামী লীগের নগর শাখাও গতকাল সংবাদ সম্মেলন করে ২৪ ও ২৫ অক্টোবর একই স্থানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকেলে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নগর শাখার সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দলীয় সংবিধান, দলীয় মন্ত্রিসভা রেখে ভোট চুরির পাঁয়তারা করছে আওয়ামী লীগ। তারা গণতন্ত্র মানে না। আন্দোলনের মধ্যে তাদের পতন ঘটাতে হবে।

প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, ‘২৫ অক্টোবর আমরা লালদীঘি ময়দানে সমাবেশ করার অনুমতি নিয়েছি। আওয়ামী লীগও নাকি একই দিন একই স্থানে সমাবেশ করবে। যাদের কাছে মাঠের অনুমতিপত্র আছে, আপনারা তাদেরকে সমাবেশ করতে সহযোগিতা করুন। কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করবেন না।’

বিএনপির কোতোয়ালি থানা শাখার সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সরকার জনপ্রিয়তা হারিয়ে পাগল হয়ে গেছে। এখন আর পেছনে ফেরার সময় নেই। আন্দোলনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলম, সহকোষাধ্যক্ষ এস এম ফজলুল হক, সাবেক সাংসদ রোজী কবির প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়।

‘জনগণের প্রতিরোধ দুর্গ’ গড়ার ঘোষণা মহিউদ্দিনের: এর আগে গতকাল দুপুরে আওয়ামী লীগের নগর শাখার সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসভবনে দলের নগর কমিটি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে দা-কুড়ালের বিরুদ্ধে পাড়া-মহল্লায় ‘জনগণের প্রতিরোধ দুর্গ’ গড়ে তোলার ঘোষণা দেন মহিউদ্দিন। তিনি বলেন, ‘হুংকার দিলে সংঘাত হবে। হূদয় দিয়ে মানুষকে জয় করুন। আমাদের ক্ষমতা আছে। সংঘাত করে শান্তি নষ্ট করতে চাই না। সংকট তৈরি করবেন না।’

সংবাদ সম্মেলনে মহিউদ্দিন চৌধুরীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নগর কমিটির যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী। সংবাদ সম্মেলন থেকে ২৪ ও ২৫ অক্টোবর লালদীঘি মাঠে জনসভা করার ঘোষণা দেওয়া হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, ‘শান্তি বিঘ্নিত হলে, অগ্রগতির পথে বাধা এলে, শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি হলে, অর্থনৈতিক চলমান অর্জন বাধাগ্রস্ত হলে, সর্বোপরি জাতির স্বাধীনতা ও স্বকীয়তায় আঘাত এলে আওয়ামী কর্মীবাহিনী ঘরে বসে থাকবে না। জাতির অর্জনকে রক্ষা করতে প্রয়োজনে দা-কুড়াল সংস্কৃতির বিরুদ্ধে পাড়ায়-মহল্লায় জনগণের বাহিনী গঠন করে জনগণের প্রতিরোধ দুর্গ গড়ে তোলা হবে।’

সংবাদ সম্মেলনে সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, এম এ রশিদ, রেজাউল করিম চৌধুরী, প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, মেজর (অব.) মো. এমদাদ, চট্টগ্রাম মহানগর পিপি কামাল উদ্দিন আহমদ, আ জ ম নাছির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।