লালদীঘির একাংশ ভরাট করে সুইমিং পুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী লালদীঘির একাংশ ভরাট করে সুইমিং পুল নির্মাণ করছে চট্টগ্রাম সিটি করপোরেশন। প্রায় তিন সপ্তাহ আগে এখানে সুইমিং পুল নির্মাণের কাজ শুরু হয়েছে। বিভিন্ন মহল থেকে দীঘি ভরাটের প্রতিবাদ জানানো হয়েছে। সুইমিং পুল নির্মাণ বন্ধের দাবি জানিয়ে ইতিমধ্যে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিটি করপোরেশনকে আইনি নোটিশ দিয়েছে। সিটি করপোরেশনের মেয়র, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এবং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলরকে এই নোটিশ দেওয়া হয়। এতে বলা হয়, ‘দেশের সব পৌর এলাকার জলাধার ভরাট করা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ও জলাধার সংরক্ষণ আইনে শাস্তিযোগ্য অপরাধ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে জনস্বার্থ উপেক্ষা করে দীঘি ভরাটের কাজ আপনাদের ব্যর্থতার অংশ।’নোটিশে অবিলম্বে সুইমিং পুল নির্মাণকাজ বন্ধ করে দীঘির ভরাট করা অংশ আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার দাবি জানানো হয়। চার দিনের মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা না নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিছুদিন ধরে ঐতিহ্যবাহী লালদীঘির একাংশ ভরাট করে সুইমিং পুল নির্মাণের কাজ শুরু করে সিটি করপোরেশন। দীঘির একপাশে পানির অংশে দেয়াল তুলে এখন সুইমিং পুলের জায়গা আলাদা করার কাজ চলছে। এ দীঘির পাড়ে রয়েছে মসজিদ। দীঘির পাড়ে প্রতিদিন বৈকালিক ও প্রাতঃভ্রমণও করে লোকজন। মসজিদের মুসল্লি ও স্থানীয় লোকজন শুরু থেকে দীঘি ভরাটের বিরোধিতা করছেন। কিন্তু তাঁদের কথায় কাজ হয়নি। সিটি করপোরেশনের আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারি বলেন, ‘বেলার নোটিশ এখনো আমি পাইনি। সিটি করপোরেশন নালা-নর্দমা তৈরি করতে পারলে চট্টগ্রামের উন্নয়নে সুইমিং পুল করতে পারবে না কেন? সুইমিং পুল নির্মাণ এলাকার লোকজনেরই দাবি ছিল।’