লালদীঘির ওপর মার্কেট নির্মাণে ছয় মাসের নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরে লালদীঘির জলাশয়ে ও পশ্চিম পাড়ে পৌরসভার মার্কেট নির্মাণ কার্যক্রমের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

দিঘি রক্ষায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। রিট আবেদনকারীর পক্ষে বলা হয়, কক্সবাজার শহরের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই দিঘির জলাশয়ের আয়তন ১ দশমিক ২৩ একর।

রুলে ওই দিঘিতে নির্মাণকাজ বন্ধ ও জলাশয়টি সংরক্ষণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। ভূমিসচিব, পরিবেশসচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়রসহ নয় বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

মামলার বিবরণে জানা যায়, কক্সবাজার পৌরসভা ওই মার্কেট নির্মাণের জন্য গত ১৩ জানুয়ারি দরপত্র আহ্বান করে। পরিবেশ অধিদপ্তর ১০ মে নির্মাণকাজ বন্ধের জন্য পৌর মেয়রকে চিঠি দেয়। গত সপ্তাহে বেলা হাইকোর্টে রিট আবেদনটি করে।