লালদীঘির মাঠে অনুমতি মেলেনি রাস্তায় সমাবেশ বিএনপির
চট্টগ্রামের লালদীঘি মাঠে সমাবেশের অনুমতি চেয়ে না পেয়ে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে সড়ক দখল করে সমাবেশ করেছে বিএনপি। গতকাল রোববার বিকেলের এই সমাবেশ চলাকালে ওই সড়ক ও পার্শ্ববর্তী জুবিলী রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশস্থলের চারপাশে পুলিশ মোতায়েন ছিল। সমাবেশে বিএনপির নেতারা অবিলম্বে নেতা-কর্মীদের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। প্রধান অতিথি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গুম করে আন্দোলন বন্ধ করা যাবে না। স্বাধীনতার পরও এ গুমসংস্কৃতি চালু করেছিল আওয়ামী লীগ। এ জন্য ক্ষমতা হারিয়ে তাদের ২১ বছর রাস্তায় হাঁটাহাঁটি করতে হয়েছে। এবার ক্ষমতা হারালে আগামী ৫০ বছরেও তারা ক্ষমতায় আসতে পারবে না। চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, সৈয়দ ওয়াহিদুল আলম, জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান, চট্টগ্রাম নগর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। আমীর খসরু চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত যুবদলের নেতা হুমায়ুন কবিরের মৃত্যুর ঘটনায় ২৯ মে স্মরণসভা ও শোকযাত্রা এবং ৩০ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার কর্মসূচি দেন।