লালন আখড়ায় মাতলামি, জনপ্রতিনিধির কারাদণ্ড
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে মদ পান করে মাতলামি করার দায়ে একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বিএনপি নেতাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত বুধবার রাতে তাঁকে কারাদণ্ড দেন। কারাদণ্ড পাওয়া ওই ইউপি চেয়ারম্যানের নাম রফিকুল ইসলাম ওরফে শ্যামল। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা বিএনপি একাংশের সহসভাপতি ও একই উপজেলার মোকারিমপুর ইউপির চেয়ারম্যান। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আলী বেগ তাঁকে এ দণ্ড দেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আলী বেগ বলেন, বুধবার রাতে লালন আখড়াবাড়িতে লালন তিরোধান দিবসের সমাপনী অনুষ্ঠান চলছিল। এ সময় মূল মঞ্চের পাশে এক ব্যক্তি মদ পান করে মাতলামি করতে থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে আটক করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাঁকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায় দেওয়ার সময় ওই ব্যক্তি সুস্থ ছিলেন। সাক্ষ্য-প্রমাণের ব্যাপারে জানতে চাইলে মাসুম আলী বলেন, ‘সেখানে উপস্থিত পুলিশের সদস্য, কুষ্টিয়া জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিক আনোয়ার হোসেন চৌধুরী ও আমরা তাঁকে মাতলামি করতে দেখেছি।’ কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (কুমারখালীর খোকসা সার্কেল) সিএ হালিম বলেন, রাতেই ওই ইউপি চেয়ারম্যানকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।ভেড়ামারা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও রফিকুল ইসলামের ভাই শাজাহান বলেন, এটি ব্যক্তিগত আক্রোশ ও রাজনৈতিক কোনো ইস্যু বা ক্ষমতার অপব্যবহার হতে পারে। লালন আখড়াবাড়িতে স্মরণোৎসবে প্রকাশ্যে কেউ গাঁজা সেবন করতে পারবে না। কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫ অক্টোবর শনিবার বিকেলে ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ি চত্বরে এ বিষয়ে মাইকিং করা হয়।