লালন শাহ স্মরণে নওগাঁয় গানের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফকির লালন শাহ স্মরণে নওগাঁয় গত শুক্রবার রাতে লালনগানের আসর বসে। নওগাঁ সদর উপজেলার ইলশাবাড়িতে বেলাশেষে প্রবীণ নিবাস কেন্দ্র এই আসরের আয়োজন করে। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন প্রথম আলোরনওগাঁ বন্ধুসভার বন্ধুরা।

অনুষ্ঠানে কুষ্টিয়ার ও স্থানীয় শিল্পীরা লালনসংগীত পরিবেশন করেন। রাত আটটায় কুষ্টিয়ার বাউলশিল্পী শাহ নূরী আসরের শুভসূচনা করেন। পরে একে একে পরিবেশিত হয়, ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’, ‘মিলন হবে কত দিনে’, ‘এসব দেখি কানার হাটবাজার’সহ লালনের জনপ্রিয় সব গান। সংগীতশিল্পীদের তালিকায় ছিলেন নওগাঁর বাউল মোজাম্মেল হক ও বাউল মুকাররমা হক, কুষ্টিয়ার বাউল শাম্মী আখতার ও বাউল শাহ নূরী।

এর আগে পাঁচ মনীষী স্মরণে (ফকির লালন শাহ, রবীন্দ্রনাথ ঠাকুর, বেগম রোকেয়া, কাজী নজরুল ইসলাম, মাদার তেরেসা) বেলাশেষে প্রবীণ নিবাস কেন্দ্রে একটি গ্রন্থাগারের উদ্বোধন করা হয়। বেলাশেষে প্রবীণ নিবাস কেন্দ্রের পরিচালক তসলিমা ফেরদৌস বলেন, ‘কেন্দ্রের প্রবীণ বাসিন্দাদের সময় কাটানো ও তাঁদের আনন্দের জন্য পাঁচ মনীষী স্মরণে লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছে।’