লালন শাহের ১২৪তম তিরোধান দিবস পালিত
পঞ্চগড়ে লালন শাহের ১২৪তম তিরোধান দিবস পালিত হয়েছে। গত সোমবার রাতে শহরের নজরুল পাঠাগারে উদীচী শিল্পীগোষ্ঠী এর আয়োজন করে।
লালন ফকিরের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা ও বাউলসংগীত পরিবেশনের মাধ্যমে তিরোধান দিবসটি পালিত হয়।
উদীচী শিল্পীগোষ্ঠী সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচীর সভাপতি শফিকুল ইসলাম। এ সময় লালন শাহের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন লৎফুল কবির, জেলা শিশু কর্মকর্তা আকতারুজ্জামান, জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক এরশাদ হোসেন, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক এস এম কিবরিয়া, ভূমিজ থিয়েটারের পরিচালক সরকার হায়দার।
প্রধান অতিথির বক্তব্যে পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান জানান, লালনের জীবনাচরণ অনুসরণ করলে সমাজে বিশৃঙ্খলা থাকবে না। লালন শাহের পথ অনুসরণ করলে বাঙালি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।
আলোচনা শেষে লালনসংগীত পরিবেশন করেন বাউল শাহজাহান, রইসউদ্দিন, মানিকসহ স্থানীয় বাউলশিল্পীরা।