লালনময় এক সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্যমেলায় প্রধানত নাটকের জন্যই আসা। তবে গতকাল শনিবার দর্শনার্থীরা একটু বেশিই পেলেন। কারণ চুয়াডাঙ্গার দর্শনা পৌর মাঠের অনির্বাণ একুশে নাট্যমেলার মঞ্চ এদিন নাটকের পাশাপাশি লালনগীতিতে মজেছিল। বাউলসাধক ফকির লালন শাহের গানে মুগ্ধ হন আগত হাজারো দর্শক।
সন্ধ্যায় এ আসরে লালনগীতি পরিবেশন করেন ইশরাত জাহান, সানজিদা আক্তার ও নাজনীন নাহার। এর আগে বিকেলে একই মঞ্চে দর্শনা কেরু উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে অনুষ্ঠিত হয় ‘আমাদের সংস্কৃতি ও চ্যানেলের প্রভাব’ শীর্ষক বিষয়ভিত্তিক আলোচনা। এতে অনির্বাণ থিয়েটারের সভাপতি ফজলুল হক সভাপতিত্ব করেন। প্রধান আলোচক ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক শহীদুল ইসলাম। আলোচনায় অংশ নেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আবদুল লতিফ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম।
বীরাঙ্গনার বয়ান মঞ্চস্থ
নাট্যমেলার পঞ্চম দিনে গতকাল শনিবার রাতে ঢাকার শব্দ নাট্যচর্চা কেন্দ্র পরিবেশিত নাটক বীরাঙ্গনার বয়ান মঞ্চস্থ হয়। রওশন জান্নাত রুশনী রচিত ও দেবাশীষ ঘোষ নির্দেশিত মুক্তিযুদ্ধভিত্তিক এ নাটকের কলাকুশলী ও কুশীলব ছিলেন রওশন জান্নাত, ইনতিশা তাশদীদ তাহা, খোরশেদুল আলম, আব্দুল হাদী, শাহিনুর সরওয়ার ও তন্ময় ব্যানার্জি।

নাট্যকার রওশন জান্নাত বলেন, মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের হাতে নারী নির্যাতনের ঘটনা ছিল ব্যাপক। মুক্তিযুদ্ধের বিবরণে নির্যাতিত নারীর সংখ্যা কিংবা নির্যাতনকে মুখ্য বিষয় হিসেবে উপস্থাপন করা হয়ে থাকে। কিন্তু এর মাত্রা ও প্রভাব স্বাধীন বাংলাদেশে কীভাবে পড়েছে সে দিকটি এখনো উপেক্ষিত। বর্তমান প্রজন্মের অনেকে বিষয়টি সম্পর্কে তেমন অবহিত নয়।

নির্দেশক দেবাশীষ ঘোষ বলেন, মুক্তিযুদ্ধ চলার সময় বিভিন্নভাবে নির্যাতনের শিকার, লাঞ্ছিত ও স্বজনহারা নারীদের জীবনে সংঘটিত ভয়ানক অত্যাচারের কাহিনি নিয়েই রচিত বীরাঙ্গনার বয়ান। যশোরের বীরাঙ্গনা বীরমাতা হালিমার জবানিতে উঠে এসেছে সেই নির্মম সত্য ঘটনা। নাটকের প্রয়োজনে হালিমার জবানিতে আরও কয়েকজন বীরাঙ্গনা বীরমাতার কাহিনিকে একসূত্রে গেঁথে বর্বরতার চিত্রটি ফুটিয়ে তোলার প্রাণান্তকর চেষ্টা করা হয়েছে।