লালনসংগীতের আসর
লালমনিরহাট জেলা শহরের রেলওয়ে ড্রাইভার পাড়া মাঠে গত সোমবার রাতে লালনসংগীতের অনুষ্ঠান হয়েছে। স্থানীয় অচিন পাখি বাউল দলের উদ্যোগে এ আসর বসে।
‘গুরু-শিষ্য পরম্পরা, বিশ্বগ্রাম পথচলা’ স্লোগান সামনে রেখে একই রাতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অচিন পাখি বাউল দলের সভাপতি মির্জা স্বপন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মজিবর রহমান, সবুজ বাংলা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ও অচিন পাখি বাউল দলের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে লালনসংগীত পরিবেশন করেন বগুড়ার সারিয়াকান্দির সুলতান মাহমুদ, রংপুর বেতারের শিল্পী লুবনা ইয়াসমিন, লালমনিরহাটের আবদুল মজিদ, মিলন সরকার, রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে শিশুশিল্পী সাদিয়া। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আজিজুল হক মোল্লা।