লালনের গানের সুরে বাদ্যযন্ত্র বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলার হাজারো মানুষের কোলাহল। এর মধ্যে ভেসে আসে লালনের গানের সুর। কখনো শোনা যাচ্ছে ‘মিলন হবে কত দিনে/ আমার মনের মানুষেরই সনে’ কখনো বা ‘সত্য বল সুপথে চল/ ওরে আমার মন’। একতারা হাতে গান গাইছিলেন সাজ্জাদ হোসেন। তাঁর পাশেই খঞ্জনি নিয়ে লালনেরই গান গেয়ে যাচ্ছিলেন আরও একজন। দুজনই মূলত দেশি বাদ্যযন্ত্রের বিক্রেতা। চট্টগ্রাম নগরে জব্বারের বলী খেলা ঘিরে শুরু হওয়া বৈশাখী মেলায় লালন সাঁইয়ের গান শুনে থমকে দাঁড়াচ্ছেন অনেকে। তাঁদের কেউ কিনেছেন একতারা, কেউবা ডুগডুগি।

গতকাল বুধবার মেলার শেষ দিনে লালদীঘির পূর্ব পাড়ে দেশি বাদ্যযন্ত্রের পসরা নিয়ে বসেছিলেন বিক্রেতারা। একতারা, দোতারা, খঞ্জনি, বাঁয়া, ঢোল, বাঁশিসহ নানা বাদ্যযন্ত্র ছিল সেখানে। কুষ্টিয়া থেকে এসব সামগ্রী নিয়ে জব্বারের বলী খেলায় আসেন সাজ্জাদ হোসেন, চয়ন হোসেনরা (চয়ন ফকির)।

সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আ লালন সাঁইজির গান করি। একতারা, দোতারাসহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে আসি। কেউ শো পিস, কেউবা গানের চর্চা করার জন্য এসব সামগ্রী কিনে নেন।’

চট্টগ্রাম নগরে জব্বারের বলীখেলাকে ঘিরে আয়োজিত বৈশাখী মেলার শেষ দিন ছিল গতকাল। মেলায় দেশীয় বাদ্যযন্ত্র বিক্রির স্টলে লালনের গান গেয়ে ক্রেতাদের আকর্ষণ করেন বিক্রেতারা। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
চট্টগ্রাম নগরে জব্বারের বলীখেলাকে ঘিরে আয়োজিত বৈশাখী মেলার শেষ দিন ছিল গতকাল। মেলায় দেশীয় বাদ্যযন্ত্র বিক্রির স্টলে লালনের গান গেয়ে ক্রেতাদের আকর্ষণ করেন বিক্রেতারা। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

ছোট-বড় প্রায় ৪০০ একতারা নিয়ে মেলা শুরু হওয়ার তিন দিন আগে চট্টগ্রাম আসেন সাজ্জাদ। তাঁর সঙ্গে এসেছেন মো. রাসেল, শান্তরুল ইসলামসহ আরও কয়েকজন। তাঁরাও মেলায় বাদ্যযন্ত্র এনেছেন। এসব বাদ্যযন্ত্র তাঁরা নিজেরাই তৈরি করেন। বাদ্যযন্ত্রের পাশাপাশি কাঠের ওপর লালন সাঁইয়ের খোদাই করা ছবি, লাঠি, ঝুড়িও বিক্রি করছিলেন। বিক্রি করতে করতে গান গেয়ে চলেন। কখনো খঞ্জনি, কখনো ডুগডুগি কখনো বা একতারায় সুর তোলেন।

কথা বলার সময়ই কলেজছাত্র গোলাম নাহির একটি একতারা ও ডুগডুগি কেনেন। ঘরের সাজসজ্জার জন্য এসব কিনেছেন বলে জানান।

বাদ্যযন্ত্র শান্তরুল ইসলাম বলেন, ‘লালন সাঁইজির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই মূলত এই বাদ্যযন্ত্র ও গানের সঙ্গে থাকা। কিছু বিক্রিও করি। দুই পয়সা পাই। লালনের মাজারে আমরা গান গেয়ে বেড়াই।’

সাজ্জাদ, শান্তরুল, চয়ন ও রাসেলদের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়া এলাকায়। লালনের গান ও বাদ্যযন্ত্র বিক্রি করেই তাদের দিন চলে।

বলী খেলায় শান্তরুল ইসলামের দোকানের সামনে দেখা হয় মো. নূরুন্নবী নামের এক যুবকের। তিনি বাঁশি বাজাচ্ছিলেন। পাশে তাঁর এক বন্ধু বাঁয়া (ঢোলের মতো বাদ্যযন্ত্র) নিয়ে তাল দিচ্ছিলেন। আর খমক বাজাচ্ছিলেন শান্তরুল।

নূরন্নবী বলেন, তিনি চট্টগ্রামেই থাকেন। এখানে বাদ্যযন্ত্রের দোকান দেখে দাঁড়িয়েছেন। বাঁশি বাজানো তাঁর শখ। সংগ্রহে রয়েছে অনেক রকমের বাঁশি।

গানের ফাঁকে চলছে বিক্রিও। একতারা বিক্রি হচ্ছে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। দোতারা বিক্রি হচ্ছে এক হাজার থেকে দেড় হাজার টাকায়। এ ছাড়া ডুগডুগি আকারভেদে ৮০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছিল।

তবে বিক্রি অন্যবারের চেয়ে কম বলে জানান শান্তরুল ইসলাম। তিনি বলেন, এবার লোকজনও কিছুটা কম। তবে এসব বাদ্যযন্ত্রের কদর এখনো রয়েছে। কারণ সাঁইজির গান বিশ্বব্যাপী স্বীকৃত। তাঁর গান গাইতে এসব বাদ্যযন্ত্র লাগে।

জব্বারের বলী খেলা উপলক্ষে গত সোমবার থেকে শুরু হওয়া বৈশাখী মেলা গতকাল বুধবার রাতে শেষ হওয়ার কথা। তবে দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা আজ বৃহস্পতিবারও লালদীঘির আশপাশে ক্রেতার খোঁজে থাকবেন বলে জানান।