
গত ১৪ মার্চ দিনটি উৎসবের অঞ্চলে পরিণত হয়েছিল কুষ্টিয়া। কারণ, এখানে চলছিল এইচএসবিসি-প্রথম অলো ভাষা প্রতিযোগ। এবারের এ প্রতিযোগে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রাজবাড়ী, যশোর ও কুষ্টিয়ার প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়। সকালে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলন করেন কুষ্টিয়া জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা ইলা রানী দে ও ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ আজম।
এরপর শুরু হয় পরীক্ষা। ৪০ মিনিটের পরীক্ষা শেষে শিক্ষার্থীরা এসে বসে মাঠের নির্ধারিত আসনে। পরীক্ষা কেমন হয়েছে, ওই প্রশ্নটার কী উত্তর ইত্যাদি বিষয় নিয়ে আলোচনায় ব্যস্ত তখন অনেকে। এরই মাঝে মঞ্চে আসেন সঞ্চালক অরুণ বসু। তিনি একে একে মঞ্চে ডেকে নেন অতিথিদের। শুরু হয় শিক্ষার্থী আর অতিথি শিক্ষকদের মধ্যে প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও ভাষা প্রতিযোগের সমন্বয়ক তারিক মনজুর। শিক্ষার্থীদের মজার মজার আর বুদ্ধিদীপ্ত প্রশ্নে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে আনন্দমুখর। মাঝে আবার লালনের গান পরিবেশন করে শিক্ষার্থীদের কেউ কেউ। আর কারবালার কাহিনি কাব্যভাষায় পড়ে শোনান সঞ্চালক অরুণ বসু।
অন্যদিকে পরীক্ষার্থীদের খাতা মূল্যায়নে ব্যস্ত বন্ধুসভার বন্ধুরা। কে হবে বিজয়ী, কারা যাবে জাতীয় প্রতিযোগে, তারই মূল্যায়ন। সবশেষে জিলা স্কুলের প্রধান শিক্ষিকা নিভা রানী পাঠকের হাতে অনুষ্ঠানের ভেন্যু স্মারক তুলে দেন এইচএসবিসির কর্মকর্তা আবদুল্লাহ আল জোবায়ের। আর বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আজম, মানিকগঞ্জের দেবেন্দ্রনাথ সরকারি কলেজের শিক্ষক কুদরত-ই-হুদা, ঝিনাইদহ ক্যাডেট কলেজের শিক্ষক সাইফুল আলম, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সরওয়ার মুর্শেদ ও রোজী আহমেদ। চার বিভাগের ৬০ জনের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় বই, সনদ, মেডেল ও টি-শার্ট। সবশেষে অতিথিদের সঙ্গে ছবি তোলে বিজয়ীরা। শেষ হয় কুষ্টিয়া অঞ্চলের ভাষা প্রতিযোগ। তবে রয়ে যায় উৎসবের রেশ।
তুষার শুভ্র