লালনের সাহিত্যকর্ম বিশ্ব ঐতিহ্যের অংশ: প্রণব মুখার্জি
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, ফকির লালন শাহর সাহিত্যকর্ম বিশ্ব ঐতিহ্যের অংশ। লালন শাহর গান হিন্দিতে অনুবাদের মাধ্যমে ভারতের হিন্দিভাষী বিপুল সংখ্যক মানুষ লালনের সংগীতসহ সাহিত্যকর্ম সম্পর্কে যেমন জানতে পারবে, তেমনি এর মাধ্যমে বাংলাদেশ-ভারত বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে।
প্রণব মুখার্জি গতকাল শনিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে লালন শাহর সংগীতের হিন্দি অনুবাদের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে হিন্দিতে অনুবাদকৃত পুস্তক এবং ডিভিডির প্রথম কপি দেওয়া হয়। প্রণব মুখার্জি লালন শাহকে কবি এবং দার্শনিক হিসেবে আখ্যায়িত করে তাঁর সাহিত্যকর্ম কোনো নিদিষ্ট ভৌগোলিক সীমানা, ভাষা এবং ধর্মের মধ্যে আবদ্ধ না রেখে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, লালন শাহর সাহিত্যকর্মে মানবতাবোধকে সর্বাগ্রে স্থান দেওয়া হয়েছে। অসাম্প্রদায়িকতা এবং সাম্যের আহ্বান তাঁর সাহিত্যের অন্যতম বিষয়বস্তু।
অনুষ্ঠানে অনান্যের মধ্যে বক্তব্য দেন ভারতের সাবেক পররাষ্ট্রসচিব ও বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত মুচকুন্দ দুবে, যিনি লালনের ১০৫টি সংগীত হিন্দিতে অনুবাদ করেছেন। এ ছাড়া বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান এবং মনোরঞ্জন মহান্তি অনুষ্ঠানে বক্তব্য দেন।
অনুষ্ঠানে লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন হিন্দিতে অনুবাদ করা দুটি এবং বাংলায় একটি লালনসংগীত পরিবেশন করেন।