লালপুর ও ঈশ্বরদীর তিন গ্রামে ফেনসিডিল কেনাবেচার চক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী এবং নাটোরের লালপুরের তিনটি গ্রামে গড়ে উঠেছে ফেনসিডিল কেনাবেচার চক্র। নৌ এবং রেলপথে আনা বিপুল পরিমাণ ফেনসিডিল ঈশ্বরদীর সাঁড়ার চানমারি, লালপুরের পুরাতন ঈশ্বরদী এবং ঈশ্বরদী বাইপাস স্টেশনসংলগ্ন ডহরশিলা গ্রামে মজুদ রাখা হয়। পরে ব্যবসায়ীরা ঢাকা, সাভার, গাজীপুরসহ বেশ কয়েকটি এলাকায় বিক্রির জন্য পাঠান।ঈশ্বরদীর ২০টি স্থানে ফেনসিডিল বেচাকেনা হচ্ছে। পুরাতন ঈশ্বরদী গ্রামটি ঈশ্বরদী বিমানবন্দর সড়কের কাছে লালপুর উপজেলার মধ্যে পড়েছে। স্থানীয় ব্যক্তিদের মতে, দুই উপজেলার সীমানায় অবস্থান হওয়ায় পুরাতন ঈশ্বরদী গ্রামটি ফেনসিডিল বিক্রেতাদের কাছে সুবিধাজনক স্থান। সাঁড়ার আলমাস আলী নামে একজন শিক্ষক জানান, পুরাতন ঈশ্বরদী গ্রামে শতাধিক ফেনসিডিল বিক্রেতা রয়েছে। এরা প্রভাবশালী ও সন্ত্রাসী। মাইক্রো, মোটরসাইকেল ও প্রাইভেট কারে প্রতিদিন প্রচুর ফেনসিডিল পাঠানো হয় ঢাকায়।স্থানীয় সূত্র জানায়, নাটোর ও রাজশাহী জেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে আসা ভারতীয় ফেনসিডিল এই পুরাতন ঈশ্বরদী গ্রামে মজুদ করা হয়। আবার এখান থেকে ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্থানে বিক্রির জন্য ফেনসিডিল কিনে নিয়ে যায় মাদক ব্যবসায়ীরা।প্রত্যক্ষদর্শীদের অনেকে জানান, মোটরগাড়ি, মাইক্রোবাস ও মোটরসাইকেলে চড়ে প্রতিদিন পাবনা, আটঘরিয়া, কুষ্টিয়ার ভেড়ামারা ও লালপুর থেকে তরুণেরা এখানে আসেন। এলাকাবাসীর কেউ কেউ অভিযোগ করেন, ফেনসিডিল ব্যবসায়ীদের দাপটে পাড়া-মহল্লায় বসবাস করা মুশকিল হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন এদের বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখছে না।তথ্যানুসন্ধানে জানা যায়, কুষ্টিয়া জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে পাচার হয়ে আসা ফেনসিডিল নৌপথে এনে প্রথমে মজুদ করা হয় ঈশ্বরদীর সাঁড়ার ৫ নম্বর ঘাটে। এরপর গ্রামের চানমারিতে বস্তা এবং পলিথিন ভরে রাখা হয়।সাঁড়া গ্রামের কৃষক ফজলুর রহমান জানান, চানমারি এলাকায় প্রতিদিন বিকেলে তাঁরা অপরিচিত যুবকদের মোটরগাড়ি ও মোটরসাইকেলে চড়ে আসতে দেখেন। আবদুর রহমান নামে গ্রামের আরেক কৃষক জানান, চানমারি থেকে ফেনসিডিলের বোতল আনা-নেওয়া করতে দেখেন তিনি। কিন্তু মাদক ব্যবসায়ীরা সংখ্যায় বেশি হওয়ায় প্রতিবাদ করতে সাহস পান না।নাটোরের ঈশ্বরদী বাইপাস স্টেশনসংলগ্ন ডহরশিলা গ্রাম ফেনসিডিল ব্যবসায়ীদের নিরাপদ স্থানে পরিণত হয়েছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন সীমান্তপথ দিয়ে আনা ফেনসিডিল রেলপথে রাজধানী ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় পাঠানোর জন্য এই ডহরশিলা গ্রামে ফেনসিডিল মজুদ করে রাখা হয়। এরপর ব্যবসায়ীরা বাইপাস স্টেশন থেকে বিভিন্ন যাত্রীবাহী ও মালবাহী ট্রেনে করে নিয়ে যায়।নাম প্রকাশে অনিচ্ছুক বাইপাস স্টেশন এলাকার এক মুদি দোকানি জানান, ঈশ্বরদী ও লালপুরের প্রভাবশালী ফেনসিডিল ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে রয়েছে বাইপাস স্টেশন ও ডহরশিলা এলাকা।জানা যায়, নাটোরের বিলমারিয়া, দুরদুরিয়া, নবীনগর, লালপুর নদীর ঘাট, রাজশাহীর বাঘা উপজেলার চারঘাটসহ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে ভারতীয় সীমান্ত দিয়ে নৌপথে এসব ফেনসিডিল আনা হয়। রেলপথে দিনাজপুরের হিলি, হাকিমপুর, রাজশাহীর পবা, আড়ানি, লোকমানপুর, আবদুলপুর প্রভৃতি স্টেশন ও এলাকা ফেনসিডিল আমদানির জন্য ব্যবহার করা হয়।লালপুর থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম ফেনসিডিল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সখ্যের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা প্রায় সময় পুরাতন ঈশ্বরদীতে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালাচ্ছি। মাদক ব্যবসায়ীরা বেশ চতুর। তার পরও গত পাঁচ মাসে ওই এলাকা থেকে ২০ জনকে ফেনসিডিলসংক্রান্ত ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। মামলা করা হয় ১৫টি।ঈশ্বরদী থানার ওসি আকবর হোসেন জানান, ফেনসিডিল ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীদের কাছ থেকে পুলিশ কোনো সুবিধা নেয় না। এ ধরনের অভিযোগের সত্যতা পুলিশের বিরুদ্ধে পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ওসি আরও জানান, সাঁড়ার চানমারিতে প্রতিদিন পুলিশের অভিযান চলছে। গত পাঁচ মাসে ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।