লালপুর ও ধুনটে ভাঙন, বাঁধসহ কয়েক শ বাড়িঘর বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মার ভাঙনে নাটোরের লালপুর উপজেলার একটি গ্রাম এবং পাবনার ঈশ্বরদী উপজেলার ছয়টি গ্রামের শতাধিক বাড়িঘর ও দুই কিলোমিটার এলাকার ফসলি জমি বিলীন হয়ে গেছে।এ ছাড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের এক কিলোমিটার এবং ব্লক বাঁধের কিছু অংশ এরই মধ্যে বিলীন হয়ে গেছে।এদিকে বগুড়ার ধুনট উপজেলার সাতটি ইউনিয়নের ২৬টি গ্রামে বাঙালী নদীর ভাঙন চলছে। গত ৫ মাসে এসব গ্রামের প্রায় ৫০০ বাড়িঘর বিলীন হয়ে গেছে।লালপুর (নাটোর): লালপুরের ঈশ্বরদী ইউনিয়নে পালিদেহা এবং ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া, শেখেরচক, সাঁড়া মাঝদিয়া, মাঝদিয়া বড়পাড়া, কুমারপুর ও চরজাজিরা গ্রাম পদ্মার ভাঙনের কবলে পড়েছে। এখানে শতাধিক বাড়িঘর, দুটি মসজিদ, মন্দির, দুই কিলোমিটার ফসলি জমি ও ফলের বাগান নদীগর্ভে বিলীন হয়ে গেছে।এ ছাড়া তিলকপুর, নবীনগর, নুরুল্লাপুর, গৌরীপুর, পালিদেহা, রামেশ্বরপুর, চকবংশী, সাদিপুর, পুরাতন ঈশ্বরদী, জোকাদহ, শিমুলচরা গ্রাম ও লালপুর-ঈশ্বরদী সড়ক হুমকির মুখে পড়েছে।এরই মধ্যে লালপুর উপজেলায় পদ্মা নদীর উত্তর তীর রক্ষাকারী পাউবোর এক কিলোমিটার বাঁধ বিলীন হয়ে গেছে। ব্লক বাঁধের একাংশ এরই মধ্যে ভাঙতে শুরু করেছে।ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, নদীর ভাঙন রোধে সরকারি উদ্যোগে কিছু বালুর বস্তা ফেলা ছাড়া কিছুই হয়নি। নদীর তীরবর্তী প্রায় দুই হাজার পরিবার এখন ভাঙনের ঝুঁকির মধ্যে রয়েছে।পাবনা পাউবোর নির্বাহী প্রকৌশলী (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) কবিবুর রহমান বলেন, গত ডিসেম্বরে ১৬৫ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চলতি অর্থবছরে প্রস্তাবটি একনেক বৈঠকে উপস্থাপন করা হবে। এটি পাস হওয়ার পর বরাদ্দ পেলে ওমরপুর থেকে সাঁড়া ঝাউদিয়া পর্যন্ত সাড়ে সাত কিলোমিটার নদীতীর সংরক্ষণের কাজ শুরু করা হবে।ধুনট (বগুড়া): নদীর তীরবর্তী এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার উত্তর-পশ্চিম পাশ দিয়ে রয়েছে বাঙালী নদী। উত্তরের সাতবেকি গ্রাম থেকে দক্ষিণে চকধলী গ্রাম পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার নদীপথ। নদীর দুই পাশে নিমগাছি, এলাঙ্গী, কালাইপাড়া ও ধুনট সদর এবং শেরপুরের খামারকান্দি, খানপুর ও মির্জাপুর ইউনিয়নের ২৬টি গ্রাম। গত এক দশকে এসব গ্রামের প্রায় দুই হাজার পরিবার সব হারিয়ে নিঃস্ব হয়েছে। দুই বছর ধরে ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের কয়েকটি গ্রামে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। গত পাঁচ মাসে এই ইউনিয়নের প্রায় ৫০০ বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে।জানা গেছে, এ বছর নদীর ভয়াবহ ভাঙন দেখা দিলে পাউবো নদীর উভয় তীর সংরক্ষণের কাজ হাতে নিয়েছে। গত মাসে তিন কোটি টাকা ব্যয়ে উপজেলার জয়শিং ঘাট এলাকায় মাত্র ২০০ গজ জায়গার মধ্যে ১২টি, শেরপুর উপজেলার ঝাঁজর গ্রামের কাছে ৪০০ গজের মধ্যে ২৪টি এবং বিনতপুর গ্রামের পাশে ২০০ গজের মধ্যে ১২টি বাঁশের স্পার নির্মাণ করা হয়।নদীভাঙনের শিকার ফরিদপুর গ্রামের গোলাম হোসেন বলেন, ‘ইংকা করে লদী ভাঙলে এই বছরডার মধ্যেই হামাঙ্গরে গাঁওগুলো শেষ হয়া যাবেনি। লদীর ভাঙ্গুন ঠিকানের লাইগা মেলা দিন থ্যাইকা এলাকার চেয়ারম্যান ও নেতাগোরে কাছে যাইছি। মেলাবার কথা দিছে, কিন্তু আজ প্রস্তক কোনো কাম হচ্ছি না।’নিমগাছি ইউপির চেয়ারম্যান সুজাউদ্দৌলা রিপন বলেন, বাঙালী নদীর ভাঙনে এখানকার মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।বগুড়া পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী জহুরুল হক বলেন, বাঙালী নদীর উজানের জয়শিং গ্রামের কাছ থেকে জরুরিভিত্তিক প্রকল্প নিয়ে ভাঙনরোধের কাজ শুরু করা হয়েছে। এ ছাড়া অনেক প্রকল্পের প্রস্তাব তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে আরও কাজ করা হবে।