নাটোরের লালপুরের ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষকে পিটিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় এক নেতা। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি নিয়োগ এবং শিক্ষক-কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ঘটনার পর কলেজের শিক্ষক-কর্মচারী নিয়োগের সাক্ষাৎকার গ্রহণ স্থগিত করা হয়েছে। লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট স্থানীয় সাংসদ আবু তালহার ডিও লেটারে নাটোর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাউছার ওই কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি নিয়োগ পান। পরবর্তী সময়ে ওয়ালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ফুলবাড়ী মডেল হাইস্কুলের শিক্ষক আনিছুর রহমান গত ১৫ জুলাই এ কলেজের সভাপতি নিয়োগ পেতে ওই সাংসদেরই ডিও লেটার নিয়ে আসেন। কিন্তু অধ্যক্ষ আবদুল ওয়াহাব তা গ্রহণ না করে আনিছুরকে ফিরিয়ে দেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিয়োগ বোর্ড কলেজের ১৭টি পদে শিক্ষক-কর্মচারী নিয়োগের জন্য প্রার্থীদের সাক্ষাৎকার শুরুর আগ মুহূর্তে আনিছুরের নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী কলেজে ঢুকে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করতে বলেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাঁরা অধ্যক্ষকে বেদম মারধর করেন। অধ্যক্ষকে লালপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অধ্যক্ষ এ ঘটনায় আনিছুর রহমানকে প্রধান আসামি করে লালপুর থানায় মামলা করেছেন।কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম কাউছার জানান, বিধি মোতাবেক নিয়োগ কার্যক্রম চলছিল। এ সময় কিছু সন্ত্রাসী হামলা করে তা ভণ্ডুল করে দেয়। আনিছুর রহমান জানান, অধ্যক্ষ অবৈধভাবে গোলাম কাউছারকে সভাপতি নিয়োগ করে শিক্ষক-কর্মচারী নিয়োগ দিতে চাইলে তাঁর লোকজন নিষেধ করে। নিষেধ অমান্য করায় অধ্যক্ষের সঙ্গে একটু ধাক্কাধাক্কি হয়েছে। এটা তেমন কিছু না। অধ্যক্ষ আবদুল ওয়াহাব বলেন, গোলাম কাউসার আগে ডিও লেটার নিয়ে এসেছেন। সে হিসেবে তিনি সভাপতি নিয়োগ পেয়েছেন।