লালপুর ভেড়ামারায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
ভ্রাম্যমাণ আদালত গত দুই দিনে লালপুর ও ভেড়ামারায় সাতটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা এবং উল্লাপাড়ায় একটি ক্লিনিক সিলগালা করে দিয়েছেন। ভেজাল গুড়ের কারখানাকে জরিমানা: নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া সিপাহীপাড়া গ্রামের নান্টু ও দিলালপুর গ্রামের সরোয়ারের ভেজাল গুড় তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার অভিযান চালিয়েছেন। এ সময় ওই দুটি কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।১২০ কেজি মিষ্টি পুকুরে: ভ্রাম্যমাণ আদালত গত রোববার কুষ্টিয়ার ভেড়ামারার রেলস্টেশনের পাশের মিষ্টির পাঁচটি দোকানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় এসব দোকান থেকে জব্দ করা খাওয়ার অযোগ্য ১২০ কেজি মিষ্টি পুকুরে ঢেলে দেওয়া হয়। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।ক্লিনিক সিলগালা: লাইসেন্স না থাকায় উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুলে একটি ক্লিনিক গত রোববার সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত ক্লিনিকের পরিচালকের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অতুল সরকার এ আদালতের নেতৃত্ব দেন। কেরানীগঞ্জে নকল ফেনসিডিল কারখানার সন্ধান: ঢাকার কেরানীগঞ্জের ব্রাহ্মণকিত্তা এলাকায় রুবেল বিশ্বাস নামের এক ব্যক্তির বাড়িতে নকল ফেনসিডিল তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। র্যাব সদস্যরা গত রোববার ওই বাড়িতে অভিযান চালিয়ে কারখানার সন্ধান পান। ফেনসিডিল তৈরি করার অভিযোগে রুবেল বিশ্বাস (২২) ও আমির হোসেনকে (২৮) আটক করা হয়। তাঁদের গত রোববারই কেরানীগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন লালপুর (নাটোর), ভেড়ামারা (কুষ্টিয়া), উল্লাপাড়া (সিরাজগঞ্জ) ও কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি।