লালপুরে আরও পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর নাটোরের লালপুর উপজেলায় সংঘর্ষে নিহত ও ভাঙচুরের মামলায় পুলিশ গত শনিবার রাতে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে।এদিকে ২৮ ফেব্রুয়ারি জামায়াতের ডাকা হরতালের দিন লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট এবং পুলিশকে মারধরের ঘটনায় দুটি মামলা হয়েছে। মামলা দুটি অজ্ঞাতনামা ৫০০ জনকে করে মোট এক হাজারজনকে আসামি করা হয়েছে।লালপুরে হত্যা মামলায় গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন উপজেলার বেলগাছি গ্রামের ইসমাইল হোসেন (৫০), ঘাটচিলান গ্রামের জামাল উদ্দিন (৩৫) ও মঞ্জুরুল ইসলাম (২৮)। অপর দিকে পুলিশের গাড়ি পোড়ানো মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বড়াইগ্রামের গুরোংশৈল গ্রামের উসমান গনি (২৭) ও মালিপাড়া গ্রামের ইব্রাহিম (২৮)। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে গতকাল রোববার নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। ২৮ ফেব্রুয়ারি সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর লালপুরের গোধড়া গ্রামের সংঘর্ষে খায়রুল বাসার নামের এক যুবলীগ নেতা মারা যান। এ সময় পুলিশের ব্যবহূত একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয় ও সাত পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় লালপুর থানায় দুটি মামলা হয়।লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমিরউদ্দিন বলেন, হরতালের সময় বড়বাড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে জামায়াতে ইসলামীর লালমনিরহাট সদর থানার আমির আজিজুর রহমানসহ (৫৩) ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত চার-পাঁচ শ জনকে আসামি করে ৪ মার্চ রাতে সদর থানায় মামলা হয়েছে। লালমনিরহাট মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডার ইউসুফ আলী বাদী হয়ে মামলাটি করেন।একই দিন বড়বাড়ী ইউনিয়নে হামলা করে ১০ জন পুলিশকে মারধর করায় পুলিশ বাদী হয়ে ৩ মার্চ রাতে সদর থানায় ৮২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত চার-পাঁচ শ জনকে আসামি করে একটি মামলা করে।