লালপুরে আহত সেই যুবকের বিরুদ্ধে মামলা
নাটোরের লালপুরে এক বিস্ফোরণে আহত মজনুর বিরুদ্ধে মামলা হয়েছে। ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণ হওয়ার অভিযোগে লালপুর থানায় তাঁর বিরুদ্ধে গতকাল শনিবার মামলা হয়েছে।লালপুর থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় লালপুর উপজেলার চকনাজিপুর মহল্লায় মজনুর বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল বানানোর উপকরণ জব্দ করে।এ ঘটনায় লালপুর থানার উপপরিদর্শক (এসআই) জামাত আলী আহত মজনুসহ কয়েকজনের বিরুদ্ধে গতকাল সকালে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ফারুখ হোসেন জানান, মামলা দায়েরের পরপরই রাজশাহীর রাজপাড়া থানার মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মজনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ পাহারায় তাঁর চিকিৎসা চলছে। গত শুক্রবার লালপুরে বিস্ফোরণের ঘটনা ঘটার পর প্রথম আলোতে গতকাল ‘ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে নাটোরে যুবক আহত’ শীর্ষক শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।