লালপুরে ইউএনও লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে আওয়ামী লীগের স্থানীয় এক নেতার ভাইয়ের ইটের ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনায় ইউএনও বাদী হয়ে একটি ও বিএসটিআই বাদী হয়ে অপর একটি মামলা করেছে।লালপুরের ইউএনও কার্যালয় সূত্র জানায়, গত মঙ্গলবার বিকেলে ইউএনও জহুরুল ইসলামের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত রামকৃষ্ণপুর গ্রামের ‘ওয়ান স্টার’ নামের একটি ইটভাটায় অভিযান চালান। এ সময় ভাটার মালিক বিএসটিআইয়ের লাইসেন্স দেখাতে ব্যর্থ হলে আদালত তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরু করেন। এতে ভাটার মালিক ক্ষুব্ধ হয়ে ইউএনওকে মারপিট করতে উদ্যত হন। পরে ইউএনও জহুরুল ইসলাম বাদী হয়ে ‘ওয়ান স্টার’ ইটভাটার মালিক নান্টু হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করেন। একই সময় ওই আদালতের সঙ্গে থাকা বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা আমিনুল ইসলাম বাদী হয়ে ভাটার মালিকের বিরুদ্ধে আরেকটি মামলা করেন।ইউএনও বলেন, ‘ভাটার মালিক নান্টু হোসেন আমার পরিচয় জানার পরও বাজে আচরণ করেছেন। আমাদের কিছু সময় আটকেও রেখেছিলেন। তিনি স্থানীয় আওয়ামী লীগের একজন নেতার ভাই ও লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাকের আত্মীয় বলে পরিচয় দেন।’ইটভাটার মালিক নান্টু হোসেন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ইউএনও সাহেব অন্য কোনো ভাটায় না গিয়ে উদ্দেশ্যমূলক আমার ভাটায় এসেছিলেন। আমি বা আমার কেউ তাঁকে লাঞ্ছিত করেনি।’