লালপুরে কলেজে তালা ঝুলিয়ে দিলেন যুবলীগের নেতা
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া কলেজে যুবলীগের এক নেতা তালা ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় একজনকে ব্যবস্থাপনা কমিটির সভাপতি করার দাবিতে তিনি ওই কলেজ থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের বের করে দিয়ে সব কক্ষে তালা ঝুলিয়ে দেন। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।কলেজ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সম্প্রতি স্থানীয় সাংসদ আবু তালহা লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য তোফায়েল হোসেনকে বিলমাড়িয়া কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত করেন। স্থানীয় লোকজন এই সিদ্ধান্তে আপত্তি জানিয়ে বিলমাড়িয়া ইউনিয়নের যে কাউকে কলেজের সভাপতি করার দাবি জানায়। একই দাবিতে গত মঙ্গলবার সকালে বিলমাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ও তাঁর সমর্থকেরা কলেজে গিয়ে সব শিক্ষক ও শিক্ষার্থীকে বের করে দিয়ে সব কক্ষে তালা ঝুলিয়ে দেন। গতকাল বুধবার সরেজমিন কলেজের চত্বরে গিয়ে সব কক্ষে তালা ঝুলতে দেখা যায়।অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, ‘বিধি মোতাবেক সভাপতি মনোনীত করা হয়েছে। আমি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছি।’যুবলীগের নেতা রফিকুল ইসলাম বলেন, ‘সাংসদ আবু তালহা গায়ের জোরে অন্য জায়গা থেকে একজনকে এনে কলেজের সভাপতি করেছেন। আমরা এই সভাপতিকে মানি না।’লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম বলেন, ‘অধ্যক্ষ বিষয়টি আমাকে এখনো জানাননি। আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’