লালপুরে কলেজে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা
নিয়মিত ক্লাস নেওয়াসহ ১৩ দফা দাবিতে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা গতকাল সোমবার সকালে কলেজের সব কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন। একই দাবিতে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন। সকাল নয়টায় কলেজের কয়েক শ শিক্ষার্থী কলেজমাঠে সমাবেশ করেন। এতে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন নাজির হোসেন খান, নাহিদ ইবনে আলম, দৌলতুন্নেছা ও সানজিদা আফরিন। বক্তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে কলেজে নিয়মিত ক্লাস নেওয়া হয় না। এ ব্যাপারে অধ্যক্ষের সঙ্গে আলাপ করেও সমস্যার সমাধান হয়নি। তাই আমরা বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে কলেজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছি।’ উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে, ভর্তি ফরমের দাম কমানো, শ্রেণীকক্ষে বিদ্যুৎ সরবরাহ, কমন রুম নির্মাণ, সুষ্ঠু পরিবেশ, মাঠ সংস্কার, সাইকেল গ্যারেজ নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা এবং যোগ্য ব্যক্তিকে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া।সমাবেশ শেষে শিক্ষার্থীরা কলেজের সব কক্ষে তালা ঝুলিয়ে দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা ক্লাস করবেন না বলেও স্লোগান দেন। পরে শিক্ষার্থীরা উপজেলা পরিষদ চত্বরে গিয়ে ইউএনওর কাছে স্মারকলিপি দেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজাহিদ হোসেন বলেন, ‘সমস্যা নিয়ে শিক্ষার্থীরা আলোচনা না করে তালা ঝুলিয়ে দিয়ে ঠিক করেনি। এটা অসৎ উদ্দেশ্যে করা হয়েছে।’ ইউএনও জহিরুল ইসলাম বলেন, কলেজ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলাপ করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।