লালপুরে ক্ষুব্ধ শিক্ষার্থীদের রেল অবরোধ
নাটোরের লালপুর উপজেলার আবদুলপুর সরকারি কলেজে স্নাতক (সম্মান) কোর্স চালু, এইচএসসি ও ডিগ্রি পরীক্ষাকেন্দ্রের দাবিতে গতকাল বুধবার শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত শিক্ষার্থীরা আবদুলপুর জংশন স্টেশন অবরোধ করে রাখেন। এতে উত্তরবঙ্গের সঙ্গে দেশের সব অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।প্রশাসনের সহায়তায় বেলা দুইটা ৪০ মিনিট থেকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এদিকে শিক্ষার্থীরা সকাল থেকে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে শিক্ষক-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। বিকেল চারটার দিকে তালা খুলে দেওয়া হয়। তবে দাবি না মানা পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন।জানা গেছে, ২০ অক্টোবর থেকে ডিগ্রি পরীক্ষা শুরু হবে। কলেজে পরীক্ষাকেন্দ্র চালুর আশ্বাস দিয়েছিল কলেজ কর্তৃপক্ষ। কিন্তু সেই চিঠি না আসায় গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে অধ্যক্ষসহ সব শিক্ষক-কর্মচারী অবরুদ্ধ হয়ে পড়েন। পরে শিক্ষার্থীরা আবদুলপুর জংশন স্টেশনে এসে অবরোধ করেন। এতে ছয়টি ট্রেন চলাচল কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকে।খবর পেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিরা ঘটনাস্থলে হাজির হন। আন্দোলনে নেতৃত্বদানকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদ আহমেদ বলেন, ‘প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলেও আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান জানান, এরই মধ্যে ডিগ্রি পরীক্ষার কেন্দ্র ঘোষণা হয়ে গেছে। এ ব্যাপারে করার কিছু নেই। এইচএসসি পরীক্ষার কেন্দ্র চালুর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। স্নাতক (সম্মান) কোর্স চালুর বিষয়ে তিনি জানান, এটা কলেজ কর্তৃপক্ষ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাপার।নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কলেজের অধ্যক্ষ সাদেক আলী মিয়া অবরুদ্ধ থাকার সত্যতা নিশ্চিত করেছেন।