নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া ডিগ্রি কলেজের শিক্ষক মোশাররফ হোসেনের খুনিদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
কলেজের অধ্যক্ষ ইসমত আলীর নেতৃত্বে বেলা ১১টায় কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি উপজেলা পরিষদের সামনে জড়ো হয়। সেখানে মানববন্ধন ও সমাবেশ করা হয়। সমাবেশে অধ্যক্ষ বলেন, গত বৃহস্পতিবার দুপুরে তাঁর কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোশাররফ হোসেনকে দুর্বৃত্তরা তিনখুঁটি এলাকায় গুলি করে হত্যা করে তাঁর মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় লালপুর থানায় মামলা হয়েছে। কিন্তু পুলিশ এ সময়ের মধ্যে খুনিদের শনাক্তই করতে পারেনি। তিনি অবিলম্বে খুনিদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান।
একই দাবিতে গত রোববার নাটোর শহরে জেলা শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ মানববন্ধন করে। নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী অংশ নেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, খুনিদের শনাক্ত করার চেষ্টা চলছে। শনাক্তের পরই গ্রেপ্তার
করা হবে।