লালপুরে গণডাকাতির ঘটনায় মামলা হয়নি
নাটোরের লালপুর উপজেলায় গত নাটোরের লালপুর উপজেলায় গত বুধবার দিবাগত রাতে গণডাকাতির ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত কেউ মামলা করেনি। এমনকি ডাকাতদের তাণ্ডব দেখে ভয়ে মারা যাওয়া স্কুলছাত্র আল-আমিনের পরিবারও পুলিশের ওপর অভিমান করে মামলা করেনি। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম গতকাল শুক্রবার সকালে লালপুর-বাঘা সড়কের তিনখুঁটি মোড়ে গণডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃত স্কুলছাত্র আল-আমিনের বাবা মোকাব্বর হোসেন প্রথম আলোকে বলেন, তিনি ওই ঘটনায় কোনো মামলা করবেন না। কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘পুলিশের অবহেলায় আমার ছেলেকে আমি চিকিৎসা দিতে পারিনি। দীর্ঘ দেড় ঘণ্টা ধরে ডাকাতি হলেও পুলিশ আমাদের কোনো সহযোগিতা করেনি। শেষ পর্যন্ত আমার ছেলে মারা গেছে। তাই এই পুলিশের কাছে আমি বিচার চাইব কেন? তারা আমাকে বিচার দেবে না।’ গণডাকাতির ঘটনায় মামলা না করার কারণ সম্পর্কে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ‘ভুক্তভোগী কেউ ওই ডাকাতির ঘটনায় মামলা করতে আসেনি। তাই মামলা করা হয়নি।’ পুলিশ বাদী হয়ে কেন মামলা করছে না জানতে চাইলে ওসি বলেন, ‘কেউ না করলে আমরা করব। এ ব্যাপারে বিভাগীয় তদন্ত চলছে। অপরাধী শনাক্ত হলে তাঁকে গ্রেপ্তার করা হবে।’গত বুধবার দিবাগত রাতে লালপুর-বাঘা সড়কের তিনখুঁটি এলাকায় ডাকাতেরা ১৬টি গাড়ি আটকে দেড় ঘণ্টা ধরে ডাকাতি করে। এ সময় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আমদহ গ্রামের অসুস্থ স্কুলছাত্র আল-আমিনকে বহনকারী মাইক্রোবাসটি ডাকাতদের কবলে পড়ে। আল-আমিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। কিন্তু অনেক আকুতির পরও ডাকাতেরা তাদের মাইক্রোবাসটি ছাড়েনি। উল্টো তারা আল-আমিনের গলায় ছুরি ধরে রাখে, মাকে ছুরিকাঘাত করে এবং বাবাকে পিটিয়ে জখম করে। এ সময় আল-আমিনের মৃত্যু হয়।