লালপুরে গাছ ও ফসলি জমি পদ্মায় বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে এক মাসে নাটোরের লালপুর উপজেলার দিয়াড় বাহাদুরপুর চরে সামাজিক বনায়নের প্রায় ৩০ হাজার বনজ গাছ, আবাদি জমি ও ফসল নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গৃহহীন হয়ে পড়েছে প্রায় ৫০টি পরিবার।
কৃষক ও জমির মালিকেরা জানান, ২০১০ সাল থেকে লালপুর উপজেলার দিয়াড় বাহাদুরপুর চর, চরজাজিরা, নওসারা-সুলতানপুর, দিয়াড় শঙ্করপুর চর এলাকায় পদ্মা নদীর ভাঙন শুরু হয়। ফলে ওই সব চরের প্রায় ৩০০ হেক্টর আবাদি জমি ও বিভিন্ন ফসল নদীগর্ভে বিলীন হয়ে যায়।
কৃষক ও জমির মালিকেরা আরও জানান, দুই বছর আগেও ওই সব চর এলাকায় প্রায় ৪০০ পরিবার বাস করত। নদীর ভাঙনে সবাই ভিটে ছাড়া হয়ে মানবেতর জীবন যাপন করছে। গত এক মাসের ভাঙনে দিয়াড় বাহাদুরপুর চরের প্রায় ৫০টি পরিবার লালপুর কলোনিসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। নদীতে বিলীন হয়েছে বন বিভাগের গাছ, পানের বরজ, কলাবাগান, কচু, পাট, আখ ও ধানখেত। ১৯৯৮ সালের পর সম্প্রতি নদীর ভাঙনে এবারই সবচেয়ে বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।
লালপুর উপজেলা বন কর্মকর্তা সত্যন্দ্র নাথ সরকার জানান, ২০১০-১১ সালে দিয়াড় বাহাদুরপুর চরের ২০ হেক্টর খাসজমিতে ৩০ হাজার বনজ গাছের চারা রোপণ করা হয়। বন বিভাগের লাগানো আকাশমণি, ইপিল ইপিল, বাবলাগাছের সবই গত এক মাসের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে।
গত ২৮ আগস্ট সামাজিক বন বিভাগের রাজশাহী অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র, সহকারী বনসংরক্ষক সাহাবুদ্দিন আহমেদ ও লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুল ইসলাম ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নিতে আবেদন জানানো হয়েছে।