লালপুরে গুলিতে গৃহবধূ নিহত, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার রুইগাড়ি গ্রামে গত শুক্রবার সন্ধ্যায় আরিফা খাতুন (২২) নামের এক গৃহবধূ গুলিতে নিহত হয়েছেন। স্বামী ওয়াসিম আলী তাঁকে হত্যা করেছেন—এমন অভিযোগ এনে গৃহবধূর বাবা গতকাল শনিবার পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ ওয়াসিম আলীকে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে। অন্য আসামিরা হলেন, ওয়াসিমের বাবা চান্দু মিয়া, খালাতো ভাই বেলাল, চাচা সিদ্দিক ও আবদুল কুদ্দুস।তবে নিহত আরিফার শ্বশুর চান্দু মিয়া জানান, ওয়াসিম (২৬) বিদেশে যাওয়ার জন্য বছর খানেক আগে বেলালের কাছে ৫০ হাজার টাকা জমা দিয়েছিলেন। এই টাকা ফেরত চাইলে বাগিবতণ্ডার একপর্যায়ে বেলাল ওয়াসিমকে গুলি করতে উদ্যত হন। এ সময় আরিফা স্বামী ওয়াসিমকে বাঁচাতে তাঁর সামনে এসে দাঁড়ালে বেলালের ছোড়া গুলি আরিফার গলায় বিদ্ধ হয়। এতে তিনি মারা যান।মামলার এজাহার সূত্রে জানা গেছে, রুইগাড়ি গ্রামের চান্দু মিয়ার ছেলে ওয়াসিম আলীর সঙ্গে হোসেনপুর গ্রামের গফুর সরকারের মেয়ে আরিফা খাতুনের পাঁচ বছর আগে বিয়ে হয়। ওয়াসিম সম্প্রতি ৫০ হাজার টাকা যৌতুকের জন্য আরিফাকে চাপ দেন। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় তাঁদের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে ওয়াসিম আরিফাকে গুলি করেন। গুলিতে আহত অবস্থায় আরিফাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।পুলিশ ওয়াসিম আলীর বাড়ির পেছনে খেজুরের বাগান থেকে একটি গুলিসহ পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বলেছেন, এলাকার কেউ কেউ জানিয়েছেন, পারিবারিক বিরোধের কারণে বেলাল ওয়াসিম আলীকে গুলি করেন। এ সময় আরিফা স্বামীর সামনে এসে দাঁড়ালে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।