লালপুরে গৃহবধূ খুন স্বামী-শ্বশুর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুরে বিয়ের এক মাসের মাথায় জুলেখা বেগম (১৯) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। গত মঙ্গলবার উপজেলার টিটিয়া গ্রামের পাটখেত থেকে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে। খুনের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ জুলেখার স্বামী রুবেল ও শ্বশুর আবদুল কাদের শেখকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাঁদের নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। নিহত জুলেখা বেগম টিটিয়া গ্রামের আবদুল জলিলের মেয়ে।আবদুল জলিল জানান, টিটিয়া গ্রামের আবদুল কাদের শেখের ছেলে রুবেলের সঙ্গে মাস খানেক আগে জুলেখার বিয়ে হয়। গত সোমবার রাতে জুলেখার শ্বশুরবাড়ি থেকে তিনি খবর পান, মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার সকালে গ্রামের একটি পাটখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে তিনি বাদী হয়ে রুবেল, আবদুল কাদের শেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মঙ্গলবার লালপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।মামলার তদন্তকারী কর্মকর্তা লালপুর থানার উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন জানান, গলায় ওড়না পেঁচিয়ে জুলেখাকে হত্যা করা হয়েছে।