লালপুরে জামায়াত নেতা ও কাহালুতে ভটভটিচালক নিহত
নাটোরের লালপুরে গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় একজন জামায়াত নেতা নিহত হন। একই দিন বগুড়ার কাহালু উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শ্যালো ইঞ্জিনচালিত যান ভটভটির চালক মারা গেছেন। লালপুরের বেরিলাবাড়ী দাখিল মাদ্রাসার সুপার ও জামায়াত নেতা শফিকুল ইসলাম (৪০) রোববার সকালে ছোট ভাই রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে নাটোরের উদ্দেশে রওনা দেন। লালপুর-বাঘা সড়কের মাধবপুর মোড়ে পৌঁছার পর ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাঁরা দুজনই আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে চিকিৎসক শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।বগুড়া-নওগাঁ সড়কের কাহালুর বিবিরপুকুরে গতকাল দুপুরে ভটভটির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ভটভটির চালক কাহালুর শিঁলকওর গ্রামের আকরাম হোসেন (৩৫) নিহত হন। এ দুর্ঘটনায় আরও নয়জন আহত হন।জানা গেছে, কাহালুর তিনদীঘি এলাকায় ভটভটি চলাচল নিয়ে বিরোধ সৃষ্টি হলে ভটভটির চালকেরা একটি ভটভটি নিয়ে বিবিরপুকুর থেকে তিনদীঘির উদ্দেশে রওনা দেন। পথে বিবিরপুকুর এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভটভটিটি উল্টে যায়।