লালপুরে ট্রাক টেম্পো সংঘর্ষে নিহত ২
নাটোরের লালপুরে গতকাল শুক্রবার ট্রাক ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও অপর দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন: উপজেলার সালামপুর গ্রামের জামাত আলী (৫০) ও মহেশপুর গ্রামের মৃত আফসার আলীর স্ত্রী রাহেলা বেওয়া (৮০)। আহত ব্যক্তিরা হলেন: বোয়ালিয়াপাড়া গ্রামের রমজান আলীর ছেলে রাব্বি (২০) ও মহেশপুর গ্রামের রায়হান উদ্দিনের ছেলে রাসেল (২০)। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লালপুর থানা সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টার দিকে লালপুর-ঈশ্বরদী সড়কের নূরুল্লাহপুর এলাকায় একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। এ সময় ট্রাক ও টেম্পোর চালক পালিয়ে যায়।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও টেম্পো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।