লালপুরে ট্রেনের ধাক্কায় ভটভটির তিন যাত্রী নিহত
নাটোরের লালপুর উপজেলার করিমপুর রেলক্রসিংয়ে গতকাল শনিবার ট্রেনের ধাক্কায় ভটভটির তিনজন যাত্রী নিহত ও পাঁচজন আহত হয়েছে। ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী, লালপুর রেলস্টেশন ও থানা সূত্রে জানা গেছে, গতকাল সকাল সোয়া সাতটার দিকে রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আবদুলপুর জংশন স্টেশনের কাছে করিমপুর রেলগেটে একটি ভটভটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই উপজেলার কামারহাটি গ্রামের আবদুর রশিদ (৪৬), রয়েজ উদ্দিন (৫৮) ও সালামপুর গ্রামের স্বপন কুমার (৩৫) নিহত হন। আবদুলপুর জংশনের স্টেশন মাস্টার শরিফুল ইসলাম বলেন, ট্রেন ছাড়ার আগে গেটম্যান আসাদুল হককে গেট বন্ধ করার কথা বললেও তিনি তা করেননি। দুর্ঘটনার পর তাঁকে জিজ্ঞেস করলে তিনি বলেন, বাথরুমে থাকায় গেট বন্ধ করা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ের গেট খোলা ছিল। ভ্যানটি রেললাইনের ওপর আটকে গেলে ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। লালপুর থানার ওসি মতিয়ার রহমান বলেন, নিহত ব্যক্তিদের দেহ রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।রেলওয়ে পশ্চিম অঞ্চলের (রাজশাহী) মহাব্যবস্থাপক আমজাদ হোসেন জানান, এ ঘটনায় অতিরিক্ত প্রকৌশলী (ট্র্যাক) আবদুল হককে প্রধান করে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।