লালপুরে তৎপর প্রশাসন, ১০ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার মাচাপার্টি নিয়ে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। গতকাল শনিবার উপজেলার দাঁইড়পাড়া এলাকা থেকে এক পৌর কাউন্সিলরসহ বিএনপি-জামায়াতের ১০ কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
লালপুর থানা সূত্রে জানা যায়, যৌথ বাহিনীর সদস্যরা ভোরে দাঁইড়পাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে বিএনপির কর্মী রহমতুল্লাহ, মুজদার হোসেন, শহীদ উদ্দিন এবং জামায়াতের কর্মী আফছার আলী, আরিফ হোসেন, সাইদুল ইসলাম ও ঈমান আলীকে আটক করেন। কিছুক্ষণ পর বড়াইগ্রাম পৌরসভার সামনে থেকে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিএনপির নেতা আবদুল জাব্বারকে আটক করে পুলিশ। এ ছাড়া কয়েনবাজার থেকে জামায়াতের কর্মী শাহাবুল ইসলাম ও কুজাইল থেকে বিএনপির কর্মী হীরা মিয়াকে আটক করা হয়।
পুলিশ জানায়, রাস্তার পাশের গাছকাটা ও সহিংসতা সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আটক ব্যক্তিদের নাটোরের আমলি আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
লালপুরে মাচাপার্টির সন্ত্রাস নিয়ে গতকাল প্রথম আলো খবর প্রকাশ করার পর স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসেছে।