লালপুরে দুর্ঘটনার জন্য দায়ী চালকের শাস্তির দাবিতে মিছিল-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর ডিগ্রি কলেজের ছাত্রী সোনালী আক্তার সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় জড়িত হিউম্যান হলারের চালকের শাস্তিসহ বিভিন্ন দাবিতে গতকাল শনিবার শিক্ষার্থীরা মিছিল করেছে। এ ঘটনার জের ধরে কলেজে ভাঙচুরের ঘটনায় গতকাল কলেজের পরিচালনা পর্ষদ একটি তদন্ত কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ভ্যানে করে সোনালী আক্তারসহ কয়েকজন কলেজে আসছিল। লালপুর-ঈশ্বরদী সড়কের নবীনগর এলাকায় এলে একটি হিউম্যান হলার পেছন দিক থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে সোনালী আক্তার আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। সোনালীর নিহতের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল করার সময় কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়। পরে তারা কলেজে এসে অধ্যক্ষের কার্যালয়েও ভাঙচুর করে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল পরিচালনা পর্ষদ জরুরি বৈঠক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। এদিকে ভটভটি বন্ধ, চালকের শাস্তি ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে গতিরোধক নির্মাণসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা গতকাল মিছিল করে। মিছিলে শিক্ষক-কর্মচারী, ছাত্রছাত্রী ও পরিচালনা পর্ষদের সদস্যরাও অংশ নেন। কলেজের অধ্যক্ষ মো. আবদুল মান্নান শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে জানান, নিহতের আত্মার শান্তি কামনায় আগামী বৃহস্পতিবার কলেজে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দাখিল করেনি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।