লালপুরে দুর্বৃত্তদের আগুনে স্বামীর মৃত্যু, স্ত্রী দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার কুজিপুকুর চরপাড়া গ্রামে হাবিবুর রহমান নামের এক ব্যক্তিকে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আগুনে দগ্ধ হয়েছেন হাবিবুরের স্ত্রী সুফিয়া বেগমও। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জমি নিয়ে বিরোধের জের ধরে সুফিয়ার ভাইয়েরা গত শুক্রবার গভীর রাতে তাঁদের দুজনের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে তাঁদের পাওয়া যাচ্ছে না।
পুলিশ ও কয়েকজন প্রতিবেশী জানান, উপজেলার মোহরকয়া গ্রামের হাবিবুর (৫৫) প্রায় ১৫ বছর আগে কুজিপুকুর চরপাড়া গ্রামে শ্বশুরবাড়ির পাশে বাড়ি বানিয়ে স্ত্রী সুফিয়াকে নিয়ে বসবাস শুরু করেন। তখন থেকে সুফিয়ার ভাই ইব্রাহিম ও আক্কাসের সঙ্গে জমি নিয়ে তাঁদের বিরোধ দেখা দেয়। হাবিবুর ও সুফিয়ার ছেলে আবদুল মজিদ এ বছর জেএসসি পরীক্ষা দিচ্ছে।
মজিদ গতকাল শনিবার প্রথম আলোকে জানায়, রাতে সে পাশের ঘরে ঘুমাচ্ছিল। একপর্যায়ে তার মা-বাবার চিত্কার শুনে সে বাইরে আসতে চায়। এ সময় তার মা চিত্কার করে বলতে থাকেন, ‘বাবা তুই দরজা খুলে বাইরে আসিস না। বাইরে এলে ওরা তোকে মেরে ফেলবে।’ তারপর তাঁদের চিত্কারে আশপাশের লোকজন ছুটে এলে মজিদ মা-বাবার ঘরে গিয়ে দেখতে পায়, তার বাবা পুড়ে মারা গেছেন।
হাবিবুরের ছোট মেয়ে ফাতেমা বেগম বলে, হাসপাতালে নেওয়ার আগে তার মা তাকে জানিয়েছেন, তাঁর ভাই ইব্রাহিম ও আক্কাস এবং ভাইয়ের ছেলে বেলাল ও বাবু জানালা দিয়ে ঘরে ঢোকেন। শব্দ পেয়ে তাঁরা জেগে উঠে চিত্কার শুরু করলে তাঁদের বেদম মারধর করা হয়। এর মধ্যে তাঁদের গায়ে তরল পদার্থ ঢেলে আগুন দেওয়া হয়।
হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান আবদুল মোমিন জানান, সুফিয়ার অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের ৭৫ শতাংশের বেশি পুড়ে গেছে।