লালপুরে দুর্বৃত্তরা ৯৫টি গাছ কেটে ফেলেছে
লালপুরের ঢুষপাড়া-রাধাগাড়ি মাঠের একটি বাগানের ২৫টি আম ও ৭০টি মেহগনি গাছ গত শনিবার রাতে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে লালপুরের মোহকয়া নতুনপাড়া গ্রামের মোজাম্মেল হক ওরফে বানুর ঢুষপাড়া-রাধাগাড়ি মাঠে তিন বিঘার একটি বাগানের ২৫টি আম ও ৭০টি মেহগনি গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। গাছগুলোর আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা। মোজাম্মেল হক জানান, চার বছর আগে তিনি আম ও মেহগনির একটি বাগান করেন। জমির ৯৫টি আম ও মেহগনি গাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি একই জমির পাশের তার নিজের ও প্রতিবেশি রায়হান, আমজাদ, জিয়া ও নজিরের মোট ছয় বিঘা জমির ২০০টি আম ও ৫০০টি মেহগনি গাছ দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় গতকাল মোজাম্মেল হক লালপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, গাছ কাটার বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।