লালপুরে ধর্ষণের শিকার শিশুর অস্ত্রোপচার
নাটোরের লালপুর উপজেলার ধর্ষণের শিকার আট বছরের সেই স্কুলশিশুর অস্ত্রোপচার করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বৃহস্পতিবার সকালে অস্ত্রোপচার করা হয়। এদিকে ধর্ষণের ঘটনায় গতকাল সন্ধ্যায় এক তরুণের বিরুদ্ধে লালপুর থানায় মামলা হয়েছে।
শিশুটির বাবা গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, তাঁর মেয়েটির শারীরিক অবস্থা এখনো খারাপ। তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ইতিমধ্যে মেয়েটির শরীরে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। আরও রক্ত দিতে হতে পারে। ভয়ে আতঙ্কে আর যন্ত্রণায় একটু পরপর সে কেঁদে উঠছে।
গতকাল সন্ধ্যায় জানতে চাইলে মামলার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, মামলা দায়েরের আগে থেকেই ওই তরুণকে (১৮) গ্রেপ্তারের চেষ্টা চলছে। কিন্তু এখন পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।
প্রতিবেশী ওই তরুণ গত মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রীটিকে কৌশলে গমখেতে নিয়ে যান। পরে তাকে ধর্ষণ করে পালিয়ে যান।