লালপুরে নির্বাচনী কার্যালয়ে হামলা আহত ১০
নাটোরের লালপুরের গোপালপুর পৌর এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যায় বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মঞ্জুরুল ইসলামের নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়েছেন একদল যুবক। এতে তাঁর অন্তত ১০ কর্মী আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা পৌনে সাতটার দিকে ১০-১২টি মোটরসাইকেলে করে এসে ২৫-৩০ জন যুবক পিস্তল, রামদা ও রড নিয়ে গোপালপুর বাজারে মঞ্জুরুল ইসলামের নির্বাচনী কার্যালয়ে অতর্কিত হামলা চালান। হামলাকারীদের মধ্যে তিন ব্যক্তি তিনটি গুলি ছোড়ার পর চিৎকার করে কার্যালয় বন্ধ করতে বলেন। এ সময় কার্যালয়ের কর্মীরা দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় সোহাগ হোসেনসহ অন্তত ১০ কর্মী আহত হন। সোহাগের মাথায় জখম হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া দুর্বৃত্তরা ওই প্রার্থীর ঘনিষ্ঠজন আনিসুর রহমানকে কার্যালয় থেকে তুলে উপজেলা চত্বরে নিয়ে যায়। সেখানে তাঁকে লাঞ্ছিত করে ছেড়ে দেওয়া হয়। সোয়া সাতটার দিকে যুবকেরা অস্ত্রশস্ত্র নিয়ে বাজার এলাকায় মহড়া দেন। এ ঘটনার পর বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। লোকজন ছোটাছুটি শুরু করেন।
মঞ্জুরুল ইসলাম বলেন, ‘আমি তিনবার মেয়র নির্বাচিত হয়েছি। এবারও আমি শক্তিশালী প্রার্থী। এই আক্রোশে প্রতিপক্ষ এক মেয়র পদপ্রার্থীর লোকজন আমার কর্মীদের ওপর হামলা করেছে।’ তিনি বলেন, তিনি ও তাঁর কর্মীরা চরম নিরাপত্তাহীনতায় আছেন। এভাবে চলতে থাকলে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।