লালপুরে পদ্মায় শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবি, একজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া এলাকায় গতকাল মঙ্গলবার সকালে শতাধিক যাত্রী নিয়ে পদ্মা নদীতে একটি ইঞ্জিনচালিত খেয়া নৌকা ডুবে গেছে। অনেকেই সাঁতরে তীরে উঠতে পারলেও ছয় থেকে সাত যাত্রী নিখোঁজ হন। পরে তাদের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়। গতকাল সন্ধ্যায় সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, নাটোর ও রাজশাহী ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে ব্যস্ত ছিলেন।
ওই খেয়া নৌকার যাত্রী লালপুরের মহরকয়া গ্রামের বাবর মালিথা বলেন, তিনিসহ শতাধিক যাত্রী সকাল সাতটার দিকে বিলমাড়িয়া ঘাট থেকে শ্যালো ইঞ্জিনচালিত খেয়া নৌকাটি নিয়ে পদ্মার ওপারে যাচ্ছিলেন। ঘাট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই নৌকাটি ডুবে যায়। তিনিসহ অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে পৌঁছাতে সক্ষম হন। তবে নৌকার যাত্রী উপজেলার চক বাদকয়া গ্রামের চাঁদের আলী (৫৫), জামাল উদ্দিন (৪৮), মহরকয়া গ্রামের মোহাম্মাদ তালুকদারের ছেলে ভাসান আলী (৩০) সহ (২৫) একই গ্রামের আরজেদ (৪৩) ও বেলাল হোসেন (৪৫) তীরে উঠতে পারেননি। রাত ১০টা পর্যন্ত তাঁদের সন্ধান পাওয়া যায়নি।
প্রাণে বেঁচে যাওয়া ওই নৌকার অপর যাত্রী সাইফুল ইসলাম বলেন, নৌকার অধিকাংশ যাত্রী নদীর ওপারে পলাশীর চরে কৃষিকাজ করতে ও মাছ ধরতে যাচ্ছিলেন। তিনি আরও জানান, মহরকয়া গ্রামের ইউছুফ আলীর মালিকানাধীন ওই খেয়া নৌকাটির ধারণক্ষমতা ৫০ থেকে ৬০ জন হলেও দুর্ঘটনার সময় সেটিতে শতাধিক যাত্রী ছিলেন। ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ যাত্রী থাকায় নৌকাটি ডুবে যায় বলে তিনি দাবি করেন।
এদিকে নৌকাডুবির খবর পাওয়ামাত্র লালপুরের উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা পরিষদের সহকারী কমিশনার (ভূমি) শফিকুর আলম ও লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ ঘটনাস্থলে ছুটে যান। দুপুর পর্যন্ত তাঁরা সেখানে উপস্থিত থেকে উদ্ধার অভিযান তদারক করেন। উদ্ধার অভিযানে লালপুর ও রাজশাহী ফায়ার সর্ভিসের ১৬ জন কর্মী অংশ নিয়েছেন।
রাজশাহী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ও ডুবুরি দলের প্রধান ওমর ফারুক মুঠোফোনে গতকাল রাতে এই প্রতিনিধিকে বলেন, রাতে নিখোঁজদের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম বেলাল হোসেন (৩০)। তিনি লালপুরের মহরকয়া গ্রামের বাসিন্দা ছিলেন। উদ্ধার অভিযান অব্যাহত আছে রাত ১০টাতেও চলছিল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুর আলম বলেন, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে জোর তৎপরতা চলছে। নদীতে পানি বেশি থাকায় তাঁদের খুঁজে পেতে দেরি হচ্ছে।