নাটোরের লালপুরে পুলিশের ব্যবহূত গাড়ি পোড়ানোর মামলায় গত শুক্রবার রাতে এক নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর উপজেলার গোধড়া গ্রামে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষ হয়। ওই সময় পুলিশের ব্যবহূত একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এদিকে উপজেলার কদিমচিলান গ্রামের মহাসড়ক ব্যতীত অংশ ও গোধড়া গ্রামে ১৪৪ ধারা অব্যাহত রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি সহিংসতার প্রেক্ষাপটে ১৪৪ ধারা জারি করা হয়।লালপুর থানা সূত্র জানায়, শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার নান্দরায়পুর গ্রামের সাইদুল ইসলাম (২৬) ও করম আলী (৩০) এবং কদিমচিলান গ্রামের আবদুর রাজ্জাক (২৫), আমিনুল ইসলাম (২৪) ও এক নারীকে (৪২) গ্রেপ্তার করে। তাঁদের গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান বলেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে ১৪৪ ধারা তুলে নেওয়া হবে।