লালপুরে বজ্রপাতে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুরে বজ্রপাতে সেলিম নামের আট বছরের এক শিশু মারা গেছে। আজ বুধবার দুপুরে উপজেলার মনিহারপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের হাসান আলীর ছেলে।

লালপুর হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে জোতগৌরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র সেলিম ছুটির পর বৃষ্টির মধ্যে মনিহারপুরে গ্রামের বাড়ি ফিরছিল। পথে বজ্রপাতে সে অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত আবাসিক চিকিত্সক (আরএমও) আবদুর রাজ্জাক তাকে মৃত ঘোষণা করেন।
নাটোর-১ আসনের সাংসদ আবুল কালাম আজাদ ওই সময় হাসপাতাল পরিদর্শনে আসেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন, সাধারণ সম্পাদক ইসাহাক আলীসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।