লালপুরে বিদ্যুতের ট্রান্সফরমার চোর চক্র আবার সক্রিয়
নাটোরের লালপুর উপজেলায় আবারও বিদ্যুতের তার ও ট্রান্সফরমার চোর চক্র সক্রিয় হয়ে উঠেছে। গত এক মাসে তার ও ট্রান্সফরমার চুরির চারটি ঘটনা ঘটেছে। জানা গেছে, ২০০৮ সালের ১৩ জুন রাতে লালপুর-বাঘা-চারঘাট সঞ্চালন লাইনের লালপুরের হালুয়াডাঙ্গা মাঠে তার চুরির সময় তিনজন মারা যাওয়ার পর দীর্ঘদিন চুরি বন্ধ ছিল। কয়েক মাস ধরে চোর চক্র আবার সক্রিয় হয়েছে। চক্রটি লাইনে বিদ্যুৎ থাকা অবস্থায় তার ও ট্রান্সফরমার চুরি করছে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর লালপুর আঞ্চলিক কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে লালপুর আঞ্চলিক কার্যালয়ের ৩০০ মিটার দূরে মাজার শরিফ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজের ৫ কেভির একটি ট্রান্সফরমার চুরি হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত চারটার দিকে লালপুর-গোপালপুর লাইনের শিমুলতলা মাঠে ১১ কেভি লাইনের ২০০ মিটার তার চুরি হয়। এ ছাড়া ২৭ ফেব্রুয়ারি লালপুর-ঈশ্বরদী লাইনের তিলকপুর মাঠে ৩৩ কেভি লাইনের ৫০০ মিটার এবং ১৯ ফেব্রুয়ারি বৈদ্যনাথপুর লাইনের বিরোপাড়া মাঠে ২১৩ মিটার তার চুরি হয়। গত বছরের ২৭ আগস্ট জয়রামপুর মাঠে ৫ কেভির একটি ট্রান্সফরমার চুরি হয়।নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর লালপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সিরাজুল হক জানান, তার ও ট্রান্সফরমার চুরি হওয়ায় জনগণের দুর্ভোগ বাড়ার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড ভীষণভাবে ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, বৈদ্যুতিক তার ও ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।