লালপুরে ভাঙনে বাঁধ বাড়ি ও জমি বিলীন
নাটোরের লালপুর উপজেলায় গত এক সপ্তাহে পদ্মা নদীর বাম তীর রক্ষা বাঁধের দুই কিলোমিটার অংশ নদীভাঙনে বিলীন হয়ে গেছে। বাঁধসংলগ্ন শতাধিক বাড়ি, বিস্তীর্ণ এলাকার ফসলি জমি ও ফলের বাগান নদীতে বিলীন হয়েছে।গতকাল শনিবার সকালে লালপুরে পদ্মা নদীর বাঁ তীর ঘুরে দেখা গেছে, পুরোনো ঈশ্বরদী ইউনিয়নের দক্ষিণ অংশে ভয়াবহ ভাঙন চলছে। প্রতিনিয়ত ‘ধপাস’ ‘ধপাস’ শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভাঙনে ইতিমধ্যে গৌরীপুর থেকে ঈশ্বরদীর আড়মবাড়িয়া হালদারপাড়া পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের দুই কিলোমিটার অংশ নদীতে বিলীন হয়েছে। বাঁধের দক্ষিণে শতাধিক বসতবাড়ি, বিস্তীর্ণ এলাকার ফসলি জমি ও আম-কাঁঠালের বাগান বিলীন হয়েছে। নদী ক্রমশ উত্তর দিকে ধেয়ে আসছে। এতে এখানকার লোকজন ঘরবাড়ি ভেঙে নিয়ে যে যার মতো নিরাপদ আশ্রয় খুঁজছে। ভাঙনে উপজেলার তিলকপুর, নবীনগর, নুরুল্লাপুর, গৌরীপুর, পালিদেহা, রামেশ্বরপুর, চকবংশী, সাদিপুর, পুরোনো ঈশ্বরদী, জোকাদহ, শিমুলচরা গ্রাম ও লালপুর-ঈশ্বরদী সড়ক হুমকির মুখে পড়েছে।পালিদেহা গ্রামের আবদুস সাত্তার (৬৫) বলেন, ‘আমার বাড়ি থ্যাকি পদ্মা ছিল দুই কিলোমিটার দূরে। কোনো দিন ভাবতেই পারিনি নদী আমার সব খায়ে ফেলবি। অথচ গত এক সপ্তাহে আমার ১৪ বিঘা ফসলি জমি ও আমবাগান নদীতে চলি গ্যাছে। এখন ছ্যালিপ্যালি লিয়া দাঁড়াব কোথায় ভাবি পাচ্ছি না।’ একই গ্রামের নুফছের আলী খাঁ (৭৫) বলেন, ‘আমার জীবনে এত ভাঙন দেখিনি। আমার ১৩ বিঘা জমিতে আম-কাঁঠালের বাগান ছিল। দুই দিনে সব ভাঙি গেছে। আমার কবর দেওয়ার জায়গাও থাকল না!’পুরোনো ঈশ্বরদীর নান্টু মিয়া বলেন, পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে যাচ্ছে। অথচ বোর্ডের কেউ কিছুই করছেন না।উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ‘ভাঙন প্রতিরোধ করা স্থানীয় সরকারের পক্ষে সম্ভব নয়। পানি উন্নয়ন বোর্ডের ব্যবস্থা নেওয়া দরকার। আমরা সব তথ্য সরকারকে জানিয়েছি।’ এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড নাটোরের নির্বাহী প্রকৌশলী ধীরেন্দ্রনাথ সরকারের সঙ্গে মুঠোফোনে এবং অফিসে গিয়ে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।