লালপুরে ভোটকেন্দ্রে যেতে বাধা, গ্রেপ্তার ৩
উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগে নাটোরের লালপুরে তিনজনকে গ্রেপ্তার করেছেন যৌথ বাহিনীর সদস্যরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার চংধুপইল ইউনিয়নের শোভ গ্রামের ইস্রাফিল, আবদুর রাজ্জাক ও আরজু।
লালপুর থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার চংধুপইল ইউনিয়নের শোভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোটারদের আসতে বাধা দেওয়ার অভিযোগে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে ইস্রাফিলকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আবদুর রাজ্জাক ও আরজুকে লালপুর থানাহাজতে রাখা হয়েছে।
এ দিকে পুলিশ জানিয়েছে, চংধুপইল ইউপি কেন্দ্র, লালপুর ইউপি কেন্দ্র, লালপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের কেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারদের আসতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়ায় যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কোথাও ভোট গ্রহণ বাধাগ্রস্ত হয়নি।