লালপুরে মন্দিরে আগুন, প্রতিমা ভাঙচুর
নাটোরের লালপুরে গতকাল বুধবার রাতে নওপাড়া দুর্গা মন্দিরের দুটি প্রতিমা ভেঙেছে দুর্বৃৃত্তরা। এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসব ঘটনায় এলাকায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মন্দির কমিটির সভাপতি সন্তোষ কুমার কুণ্ডুর ভাষ্য, গতকাল দুপুর আড়াইটার দিকে হঠাত্ করে খড় দিয়ে তৈরি মন্দিরের ভোগ ঘরে আগুন লেগে যায়। স্থানীয় লোকজন গিয়ে আগুন নেভায়। প্রথমে ধারণা করা হয়েছিল, ঘরটি রাস্তার পাশে হওয়ায় কারও বিড়ি-সিগারেটের ফেলে দেওয়া জ্বলন্ত টুকরো থেকে আগুনের সূত্রপাত হতে পারে। কিন্তু গতকাল রাতের কোনো এক সময় ওই মন্দিরের ভেতর থেকে দুর্বৃত্তরা লক্ষ্মী ও সরস্বতীর প্রতিমা বের করে রাস্তার ওপর নিয়ে এসে ভাঙচুর করে। এ ঘটনায় এখন ধারণা করা হচ্ছে, গতকাল দুপুরে আগুন লাগানোর ঘটনাও ছিল পরিকল্পিত।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
হিন্দু সম্প্রদায়ের লোকজনকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল ইসলাম বলেন, দুস্কৃতিকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এ ধরনের ঘটনা প্রশ্রয় দেওয়া হবে না।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ আবুল কালাম আজাদ জানান, দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় কার্যকরকে সামনে রেখে জামায়াত-শিবিরের লোকজন এ ঘটনা ঘটাতে পারে। আবার নিজেদের মধ্যে কোনো বিরোধ বা সুযোগ বুঝে স্বার্থান্বেষী তৃতীয় পক্ষও ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের শাস্তি দিতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। হিন্দু সম্প্রদায়ের লোকজনকে উদ্বিগ্ন না হতে অনুরোধ জানিয়েছেন তিনি।