লালপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা
নাটোরের লালপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন বাবা। গতকাল সোমবার পুলিশে সোপর্দ করার পর মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেন।জানা যায়, লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবদুল হালিম (৩০) গাঁজা ও হেরোইন সেবন করেন। নেশার টাকার জন্য তিনি পরিবারের লোকজনকে জ্বালাতন ও স্ত্রীকে মারধর করতেন। এতে অতিষ্ঠ হয়ে তাঁর বাবা তাঁকে গতকাল সকালে পুলিশে সোপর্দ করেন। পরে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান তাঁকে এক বছরের কারাদণ্ড দেন।হালিমের বাবা হাবিবুর রহমান জানান, তাঁর ছেলে হালিম কয়েক বছর ধরে মাদক সেবন করছেন। পারিবারিকভাবে অনেক চেষ্টার পরও নেশা ত্যাগ করানো সম্ভব হয়নি। বছর চারেক আগে তিনি হেরোইনে আসক্ত হয়ে পড়েন। রাজশাহীর একটি মাদক নিরাময়কেন্দ্রে তিন মাস রাখার পর হালিম সুস্থ হয়ে ফিরে আসেন। কিন্তু বাড়ি ফিরে তাঁর ছেলে আবার মাদক নেওয়া শুরু করেন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তিনি তাঁকে পুলিশে সোপর্দ করেন।