লালপুরে মুখে বিষ ঢেলে গৃহবধূকে হত্যার অভিযোগ
নাটোরের লালপুর উপজেলার আড়বাব গ্রামের এক গৃহবধূকে তাঁর স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রিতা খাতুন (২২) নামের ওই গৃহবধূর আত্মীয়স্বজনের অভিযোগ, স্বামী মোস্তফা মিয়া (২৭) তাঁকে প্রথমে নির্যাতন করেন ও পরে তাঁর মুখে বিষ ঢেলে হত্যা করেন।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আড়বাব গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মোস্তফার সঙ্গে চার বছর আগে একই গ্রামের হাজি মো. মহসিনের মেয়ে রিতার বিয়ে হয়। রিতা তিন বছরের এক ছেলেসন্তানের মা। রিতার দুলাভাই আবদুল মালেকের অভিযোগ, রিতার বাবা মহসিন বিদেশে থাকেন। বিয়ের পর থেকে মোস্তফা বিভিন্ন অজুহাতে তাঁর শ্বশুরের কাছ থেকে টাকা নিয়েছেন। সম্প্রতি আরও টাকা দাবি করে মোস্তফা রিতাকে চাপ দেন। রিতা টাকা এনে দিতে রাজি না হওয়ায় মোস্তফা তাঁর ওপর নির্যাতন চালান।আবদুল মালেকের অভিযোগ, গত বুধবার নির্যাতন চালানোর পর মোস্তফা ও তাঁর পরিবারের লোকজন রিতার মুখে জোর করে বিষ ঢেলে দেন। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে রিতা মারা যান। এ ঘটনায় আবদুল মালেক লালপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে রিতার স্বামী মোস্তফা দাবি করেন, কলহের জের ধরে রিতা বিষপান করেছেন।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম গতকাল বৃহস্পতিবার দুপুরে বলেন, লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ জানা যাবে না।