লালপুরে যুবলীগের নেতার গাড়িচাপায় তিনজন নিহত
নাটোরের লালপুর উপজেলার অমৃতপাড়া বাজারে গত রোববার রাতে গাড়িচাপায় তিনজন নিহত হয়েছেন। পাবনার ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেনসহ তিন যুবক রাজশাহীর মীরগঞ্জে ফেনসিডিল সেবন করে ওই গাড়িতে করে ঈশ্বরদীতে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতার ধাওয়া খেয়ে গাড়িটি লালপুর থানায় ঢুকে পড়লে পুলিশ যুবকদের আটক করে।পুলিশ সূত্রে জানা যায়, নাজমুল হোসেনসহ তিন যুবক রাজশাহীর সীমান্তবর্তী গ্রাম মীরগঞ্জ থেকে ফেনসিডিল সেবন করে ব্যক্তিগত গাড়িতে (ঢাকা মেট্রো-গ-১৫৮২৯২) করে ঈশ্বরদীতে ফিরছিলেন। তাঁদের গাড়িটি মীরগঞ্জ মোড়ে এক পথচারীকে ধাক্কা দিয়ে দ্রুত সটকে পড়ে। ঘটনাটি মুঠোফোনে বাঘা থানার পুলিশকে জানানো হলে বাঘা বাজার মোড়ে পুলিশ গাড়িটি আটকের চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে লালপুরের অমৃতপাড়া বাজারের লোকজন বাঘা-ঈশ্বরদী সড়ক ঘিরে রাখে। রাত নয়টার কিছু পর পরই গাড়িটি অবরোধের মুখে পড়লে চালক গাড়িটি জনতার ওপর তুলে দেয়। পরে গাড়িটি জনতার অবরোধ ভেদ করে লালপুর থানার ভেতরে ঢুকে পড়ে। পুলিশ তাৎক্ষণিক গাড়িচালক সোহান (২৬), সোহেল (২৫) ও যুবলীগের নেতা নাজমুল হোসেনকে (৩৮) আটক করে থানার হাজতে রাখে।গাড়ির চাকায় পিষ্ট হয়ে অমৃতপাড়া গ্রামের আবদুল জলিল (৫৮) ও একই গ্রামের আখের প্রামাণিক (৬০) মারা যান। আহত হন আরও পাঁচজন। আহত ব্যক্তিদের মধ্যে কাবিল ও রাজ্জাককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাজ্জাক মারা যান। নিহত জলিল ও আখেরের লাশ গতকাল সোমবার সকাল পর্যন্ত লালপুর থানায় রাখা ছিল।আটক হওয়া যুবকদের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার মশুরিপাড়া গ্রামে। গাড়িচালক সোহান মাদক সেবনের কথা স্বীকার করে বলেন, ‘আমরা জনতার আক্রোশ থেকে বাঁচতে গিয়ে দুর্ঘটনায় পড়েছি।’ লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে নিহতের পক্ষ থেকে মামলা না হওয়ায় আটকদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে।