লালপুরে শহীদ মিনার ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুরের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনার শুক্রবার রাতে দুর্বৃত্তরা ভেঙে ফেলেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় লোকজনের সহায়তায় সম্প্রতি শহীদ মিনার নির্মাণ করা হয়। দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নায়েব উদ্দিন মালিথা জানান, শহীদ মিনারটি ১৫ এপ্রিল জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদকে দিয়ে উদ্বোধন করার প্রস্তুতি চলছিল। এরই মধ্যে গত শুক্রবার রাতে কে বা কারা এটি ভেঙে ফেলে। নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান আলী জানান, যারা এই জঘন্য কাজের সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। লালপুর থানার উপপরিদর্শক (এসআই) জামাত আলী জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে পদক্ষেপ নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।