লালপুরে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের ক্লাস বর্জন কর্মসূচি দিয়েছেন নাটোরের লালপুর উপজেলার বরমহাটি সমবায় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন শেষে এক সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
কমিটির সভাপতির স্বাক্ষর জাল, বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষককে হুমকি প্রদানসহ নানা অনিয়মের অভিযোগে গত শনিবার বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। এর জের ধরে রোববার তিনি প্রধান শিক্ষক রফিকুল ইসলামের কক্ষে ঢুকে তাঁকে মারধর করেন।
বিদ্যালয় সূত্র জানায়, এ ঘটনার প্রতিবাদে গতকাল দুপুরে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা বরমহাটি সড়কে মানববন্ধন করে। পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। অভিযুক্ত শিক্ষক মিজানুরকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সমাবেশ থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের কর্মসূচি ঘোষণা করা হয়।
এদিকে প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় রোববার রাতেই লালপুরে মামলা হলেও গতকাল সন্ধ্যা পর্যন্ত পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করতে পারেনি।
লালপুর থানার ওসি আবদুল হাই তালুকদার বলেন, মিজানুর রহমান ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।